রংপুরের বদরগঞ্জে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রেজাউল করিমের খুনের ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনের ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ত ৎ কালীন চিকি ৎ সক আবদুল জলিলের দেওয়া জবাব আদালত অগ্রাহ্য করেছেন। গত বুধবার তিনি রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে ওই লিখিত জবাব দিয়েছিলেন।এর আগে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই দফায় আবদুল জলিলকে নির্দেশ দিয়েছিলেন আদালত।সূত্র জানায়, আবদুল জলিল তাঁর লিখিত জবাবে বলেন, রেজাউল করিমের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন ২০০৯ সালের ১২ ডিসেম্বর বদরগঞ্জ থানায় এবং ২০১০ সালের ৭ মার্চ রংপুরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তিনি পাঠিয়েছেন। পুলিশ যথারীতি তা গ্রহণ করেছে। এ কারণে ওই ময়নাতদন্ত প্রতিবেদন আদালতকে প্রদানের দায় থেকে তিনি অব্যাহতি চান।আদালতের বিচারক নিত্যানন্দ সরকার তাঁর আদেশে বলেন, ‘ডা. আবদুল জলিলের আদালতে দেওয়া জবাব পর্যালোচনা করিলাম। জবাব সন্তোষজনক না হওয়ায় তা অগ্রাহ্য করা হইল।’ আগামী ১৬ আগস্ট আবারও মূল ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, লাশ চালানের কপিসহ লিখিত জবাব দিতে আবদুল জলিলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রেজাউল করিম (৩০) ২০০৯ সালের ৮ ডিসেম্বর বদরগঞ্জে ওষুধ বিক্রির টাকা তুলতে এসে খুন হন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে তাঁর স্ত্রী ফরিদা পারভীন বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় সফিকুল ইসলাম ও মোশারফ হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা ২০০৯ সালের ২২ ডিসেম্বর খুনের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। নিহত রেজাউলের স্ত্রী ফরিদা পারভীন বলেন, ‘আমার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। খুনিরা আদালতে খুন করার কথা স্বীকারও করেছে। অথচ চিকি ৎ সক আবদুল জলিল আসামিদের রক্ষা করতে টাকার বিনিময়ে স্বাভাবিক মৃত্যুর প্রতিবেদন দিয়েছেন।’ তিনি ওই চিকি ৎ সকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।পুলিশ সুপার সালেহ্ মুহম্মদ তানভীর বলেন, ‘রেজাউল করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলেও আবদুল জলিল যে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন, তা ছিল স্বাভাবিক মৃত্যুর। এ কারণে বিধিমোতাবেক তা ফেরত পাঠিয়ে সঠিক প্রতিবেদন চাওয়া হয়, কিন্তু পরে তিনি তা দেননি।’সূত্র জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন না থাকায় বিচার কার্যক্রম বিলম্বিত ও বিঘ্নিত হচ্ছে।