চিকি ৎ সায় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভাঙচুর
শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার খুলনা শিশু হাসপাতালে ভাঙচুর হয়েছে। চিকি ৎ সাসেবায় অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙচুরের একপর্যায়ে হাসপাতালের কর্মচারীরা জোট বেধে পাল্টা হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন। শিশুটির স্বজনের সূত্রে জানা গেছে, নগরের দৌলতপুর বীণাপাণি স্কুল এলাকার রবিন দের ছেলে শুভেন্দুকে পেটের পীড়াজনিত অসুস্থতায় গত মঙ্গলবার খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অভিযোগ, গতকাল ভোররাতে শুভেন্দুর অবস্থার অবনতি ঘটে। এ সময় কর্তব্যরত সেবিকা মঞ্জু বৈরাগীকে চিকি ৎ সকদের ডেকে আনতে বলা হয়। কিন্তু তিনি ডাকেননি। অনেক পরে কর্তব্যরত চিকি ৎ সককে ডেকে আনা হলে তিনি রোগীকে দেখে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনায় শিশুটির স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালের কর্মচারীদের ধাওয়া ও সেবিকাদের কক্ষ ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া ও মারধর করেন। শিশুটির চাচা রমেশ দে বলেন, হাসপাতালের কর্মচারীদের হামলায় তাঁদের আত্মীয় কৃষ্ণ ব্রহ্ম (৩৫), শিল্পী ব্রহ্ম (২৪) ও অনুপ ব্রহ্ম (২৫) আহত হন। মারধরের অভিযোগ অস্বীকার করে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন রাকিব বলেন, ‘মারধরের প্রশ্নই ওঠে না। বরং রোগীর লোকজন আমাদের মারধর করেছে।’ এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সেবিকা মঞ্জু বৈরাগীকে পাওয়া যায়নি।