চিকিত্সক না পেয়ে রোগী ও স্বজনদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিত্সকদের না পেয়ে অর্ধশতাধিক রোগী ও তাদের স্বজনেরা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় হাসপাতালের প্রধান করিডরে বিক্ষোভ করেন তাঁরা।

রোগী ও তাদের স্বজনেরা অভিযোগ করেন, গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে কোনো চিকিত্সক উপস্থিত ছিলেন না।

হাসপাতালের নথিপত্র সূত্রে জানা গেছে, বর্তমানে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন জুনিয়র কনসালট্যান্ট ও একজন চিকিত্সা কর্মকর্তা রয়েছেন। গতকাল বেলা ১১টা পর্যন্ত জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) লতিফা আক্তার, জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু) আ ন ম শহিদুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) মো. শওকত আলী, জুনিয়র কনসালট্যান্ট (অর্থো-সার্জারি) শাহেদ আনোয়ার ভুঁইয়া, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) নিলুফা পারভীন, জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) জহির উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) মোহাম্মদ সরওয়ার আলম এবং চিকিত্সা কর্মকর্তা রাশেদ আহমেদ চৌধুরীকে হাসপাতালে উপস্থিত হননি। দুই ঘণ্টা অপেক্ষা করেও চিকিত্সক না পেয়ে রোগী ও তাদের স্বজনেরা চেঁচামেচি শুরু করেন।

এ সময় হাসপাতালে আসেন নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব আবু ইউসুফ। এরপর তিনি মুঠোফোনে বিষয়টি জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলমকে জানান।

নাঙ্গলকোট এলাকার শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘সকাল নয়টায় হাসপাতালে এসেছি। দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিত্সক পাইনি। চিকিত্সকদের সবার কক্ষে তালা দেওয়া।’

হাসপাতালের অন্তত তিনজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বহির্বিভাগে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত রোগী দেখার কথা। কিন্তু চিকিত্সকদের কর্মস্থলে আসতে দেরি হওয়ায় সব রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘এক মাসের মধ্যে চারজন চিকিত্সক অন্যত্র বদলি হয়েছেন। কিছু চিকিত্সক একটু দেরি করে হাসপাতালে আসেন। আমি দাপ্তরিক কাজে কুমিল্লায় থাকায় হাসপাতালে নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সিভিল সার্জন মো. মজিবুর রহমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুপস্থিত চিকিত্সকদের শোকজ করার জন্য বলেছি। তাঁদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’