চিকিত্সক নেই আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রে কোনো পশুচিকিত্সক নেই। ২০০৫ সাল থেকে উপজেলা পশুসম্পদ কর্মকর্তার একমাত্র পদটি শূন্য রয়েছে। বর্তমানে চিকিত্সা কার্যক্রম চালাচ্ছেন একজন অফিস সহকারী ও একজন এমএলএসএস। এ কারণে ভেঙে পড়েছে কেন্দ্রটির চিকিত্সা কার্যক্রম। উপজেলার পশুপাখিদের জন্য একমাত্র চিকিত্সালয় এ পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রটিতে চিকিত্সক না থাকায় লোকজন তাঁদের পশুপাখির চিকিত্সায় স্থানীয় অদক্ষ লোকদের চিকিত্সা নিতে বাধ্য হচ্ছেন। ২০০৫ সাল থেকেই কেন্দ্রটির চিকিত্সা কার্যক্রমে এ অচলাবস্থা চলছে। গত বছরের ১২ জুলাই একমাত্র চিকিত্সক ভেটেরিনারি সার্জন খন্দকার মঈনুল হুদা বদলি হয়ে নোয়াখালীর হাতিয়ায় যোগদান করলে কেন্দ্রটি চিকিত্সকশূন্য হয়ে পড়ে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গরু মোটাতাজাকরণের জন্য ১৮ লাখ টাকার একটি প্রকল্প পাওয়া গেছে। কিন্ত কেন্দ্রটিতে কোনো চিকিত্সক না থাকায় কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। সমগ্র তাহিরপুর উপজেলা এবং ধরমপাশা, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার একাংশের পশুপাখি পালনকারী লোকজন পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রটির ওপর নির্ভরশীল।তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘উপজেলা পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রটি থেকে আমরা কৃত্রিম প্রজনন থেকে শুরু করে নানা সহায়তা ও পরামর্শ পাওয়ার কথা থাকলেও কিছুই পাই না। এখন শুধু চাই অন্তত একজন চিকিত্সক নিয়োগ দিয়ে লোকজনের পশুপাখি ও খামারের গরু, হাঁস ও মুরগির চিকিত্সা এবং প্রয়োজনীয় পরামর্শ দিন।’ উপজেলা পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রের অফিস সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘পশুর চিকিত্সা আমার কাজ নয়। এ বিষয়ে আমার কোনো প্রশিক্ষণ কিংবা দক্ষতা নেই। কিন্তু দূরদূরান্ত থেকে লোকজন কাঁধে করে তাঁদের পশুপাখি নিয়ে আসলে আমি নিরুপায় হয়ে এমএলএসএস বশির আহমদকে নিয়ে চিকিত্সা দেওয়ার চেষ্টা করি।’ তিনি জানান, পশুসম্পদ অফিসে চাকরির কারণে চিকিত্সার বিষয়ে তাঁর সামান্য অভিজ্ঞতা হয়েছে। উপজেলা পশুসম্পদ উন্নয়ন কেন্দ্র থেকে জানা যায়, হাওরবেষ্টিত তাহিরপুরের শতকরা ৯০টি পরিবারই কৃষির সঙ্গে সম্পর্কিত। আর প্রতিটি পরিবারেই রয়েছে গরু, হাঁস ও মুরগি। কেউ কেউ মহিষসহ নানা ধরনের পশুপাখি প্রতিপালন করেন। গত পাঁচ বছরে উপজেলায় কয়েক শ হাঁস এবং শতাধিক মুরগির খামার গড়ে উঠেছে। কিন্তু লোকজন পশুপাখির স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় চিকিত্সা ও পরামর্শ না পেয়ে বিপাকে পড়েছেন। অফিস সহকারী জাহাঙ্গীর আলম জানান, পশুসম্পদ উন্নয়ন কেন্দ্রের ১১টি পদের মধ্যে তাঁর ও এমএলএসএস বশির আহমদের ছাড়া নয়টি পদই শূন্য রয়েছে। ২০০৫ সাল থেকে উপজেলা পশুসম্পদ কর্মকর্তার একমাত্র পদটি এবং ২০০০ সাল থেকেই ড্রেসারার, ভেটেরিনারি কম্পাউন্ডার, মাঠ সহকারী, উপজেলা পশুসম্পদ সহকারীর একটি করে পদ এবং ভেটেরিনারি মাঠ সহকারীর তিনটি পদ শূন্য রয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, কেন্দ্রটিতে শিগগিরই একজন ভেটেরিনারি সার্জন যোগদানের কথা।