চিকিত্সক-সাংবাদিক দ্বন্দ্ব: তদন্তে দুটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান।

গত শনিবার মিটফোর্ড হাসপাতালে সাংবাদিক মারধরের ঘটনায় গতকাল সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা করেন একুশে টেলিভিশনের পরিচালক মো. জাহিদুল ইসলাম। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মো. জাকির হাসান, শিক্ষানবিশ চিকিত্সক শাহিন, শাওন, সোয়েব ও নাইমকে আসামি করা হয়। মামলার খবর পেয়ে হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা তাত্ক্ষণিক কর্মবিরতি শুরু করেন। সেই কর্মবিরতি অব্যাহত আছে।

গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবিশ চিকিত্সকদের হামলার শিকার হন সাংবাদিকেরা। এ সময় তাঁরা কয়েকজন সাংবাদিককে মারধর করেন এবং পাঁচটি ক্যামেরা ভাঙচুর করেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।