ভুল চিকিত্সা, রোগীর প্রতি অবহেলার অভিযোগে চিকিত্সকদের গ্রেপ্তার করা উচিত নয়। একই সঙ্গে একজন চিকিত্সককে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে সব চিকিত্সকের ধর্মঘটে যাওয়াও অনুচিত। সরকারের উচিত হবে রোগী এবং চিকিত্সক দুই পক্ষেরই স্বার্থ সংরক্ষণ করা।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকার সমালোচনা করেন।
প্রসঙ্গত, এমবিবিএস ডিগ্রি অর্জনের পর প্রত্যেক চিকিত্সককে বিএমডিসির সনদ অর্জন করতে হয়। ভুল চিকিত্সা বা চিকিত্সায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখা বিএমডিসির দায়িত্ব।
আলোচনায় বক্তারা বলেন, চিকিত্সাব্যবস্থার ওপর আস্থা চলে গেলে অপচিকিত্সার সুযোগ সৃষ্টি হবে। এতে দরিদ্ররা ভুগবেন। কারণ তাঁরা প্রভাবশালী নন। প্রভাবশালী কারও সামান্য কোনো অসুখ দেখা দিলেও মেডিকেল বোর্ড গঠন করে বিদেশে পাঠানো হয়। দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাতের হাড় ভাঙার চিকিত্সার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় সিঙ্গাপুরে চিকিত্সা করিয়েছেন। দেশে চিকিত্সা সম্ভব এমন রোগের চিকিত্সা করাতেও রাষ্ট্রপতি সিঙ্গাপুরে যান। একই সঙ্গে তাঁরা বলেন, চিকিত্সকদের ধর্মঘটে যাওয়া অসাংবিধানিক।
গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রশিদ ই মাহবুব বলেন, চিকিত্সকদের নৈতিক দায়বদ্ধতা আছে। তিনি সেটি মানছেন কি না, দেখার দায়িত্ব বিএমডিসির। বিএমডিসির সেটি করার ক্ষমতা নেই। সংবাদপত্রগুলো কখনো কখনো চমক সৃষ্টির জন্য ‘ভুল চিকিত্সা’ কথাটি ব্যবহার করে থাকে। এতে কারোরই লাভ হয় না, বরং দেশের চিকিত্সাব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়।
রশিদ ই মাহবুব উন্নত দেশের আদলে ‘মেডিকেল প্র্যাকটিশনার প্রটেকশন অ্যাক্ট’ তৈরির পরামর্শ দেন। এতে চিকিত্সকরা ইনস্যুরেন্স কোম্পানিতে টাকা জমা রাখবেন, ভুল-ভ্রান্তি-অবহেলার অভিযোগ প্রমাণিত হলে রোগী ক্ষতিপূরণ পাবেন। অবশ্য এ পদ্ধতি চালু হলে চিকিত্সা ব্যয় আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, চিকিত্সকেরা রোগনির্ণয়ে আরও বেশি যন্ত্রনির্ভর হতে পারেন এবং ইনস্যুরেন্স কোম্পানিকে দেওয়া টাকা রোগীদের কাছ থেকে আদায় করতে পারেন।
বেসরকারি সংস্থা উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, চিকিত্সা পেশার মানবিক দিক দিনে দিনে কমে গিয়ে ব্যবসায়িক দিক বেশি প্রাধান্য পাচ্ছে। তাই আর্থিক লাভ-ক্ষতির বিবেচনায় ভুল-ভ্রান্তির সংখ্যা বেড়ে যাওয়া এবং কিছুটা অপরাধের পর্যায়ে চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, যখন সংবাদপত্রে ভুল চিকিত্সার অভিযোগ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ হয়, তখন বিষয়টা গুরুত্ব পায়। কিন্তু বড় বড় বেসরকারি হাসপাতালে যখন রোগীরা অবহেলার শিকার হন, তখন তা নিয়ে পত্রিকা কোনো খবর ছাপে না।
বামপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য লেনিন চৌধুরী বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে চিকিত্সকদের দণ্ড দেওয়া যেতে পারে। কিন্তু ভুল চিকিত্সার অভিযোগ তুলে পুরো চিকিত্সাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করা ঠিক হবে না। তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষই দরিদ্র। দেশেই তাঁরা চিকিত্সা নেন। আস্থা নষ্ট হলে অপচিকিত্সার সুযোগ সৃষ্টি হবে।
ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ মাহবুবুল আলম বলেন, স্বাস্থ্য বুলেটিনের তথ্য বলছে, গত বছর সরকারি হাসপাতালে সেবা নিয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ মানুষ। তাঁদের মধ্যে কতজন ভুল চিকিত্সার শিকার হয়েছেন, সেটিও বিবেচনা করা উচিত। ঢালাওভাবে চিকিত্সকদের বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক হবে না।