বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাংবাদিকদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ও চারজন ইন্টার্ন চিকিত্সকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ইটিভির পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী পুলিশের গোয়েন্দা শাখাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আগামী ১১ মে এই প্রতিবেদন দাখিল করতে হবে। আসামিরা হলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ইন্টার্ন চিকিত্সক শাহিন, শাওন, শোয়েব ও নাইম। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ১৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার সময় মিটফোর্ড হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় ওই হাসপাতালের পরিচালক মো. জাকির হাসানের উপস্থিতিতে এবং তাঁর উসকানিতে উচ্ছৃঙ্খল ইন্টার্ন চিকিত্সকেরা একুশে টিভি ও এটিএন নিউজের সাংবাদিকদের মারধর করেন এবং তাঁদের জিম্মি করে টেলিভিশনে পরিবেশিত সংবাদ প্রচার বন্ধে বাধ্য করেন। এ সংবাদ পাওয়ার পর একুশে টিভি থেকে আরও দুজন রিপোর্টার ও ক্যামেরাম্যান ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর এবং সঙ্গে থাকা মোবাইল ও ক্যামেরা ভেঙে ফেলেন আসামিরা।
আটক সাংবাদিকদের কোনো খোঁজ না পেয়ে বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাঁদের সঙ্গেও অশোভন আচরণ করেন। একই সঙ্গে সেখানে কোনো ঘটনা ঘটেনি মর্মে তাঁদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। অভিযোগ করা হয়, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর করে একুশে টিভির ১৬ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ইউনুস আলী বিশ্বাস।