চিকিত্সকদের বিশ্রামকক্ষে সিভিল সার্জনের বসবাস!
মাগুরার সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারি বাসভবনে থাকছেন না। বরং সদর হাসপাতালের চিকিত্সকদের বিশ্রামকক্ষ দখল করে সেখানে বসবাস করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে সিভিল সার্জন হিসেবে গত বছরের ১৯ সেপ্টেম্বর মাগুরায় যোগদান করেন। মাগুরায় এসে তিনি সরকারি সুবিশাল বাড়িতে না উঠে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিত্সকদের বিশ্রামকক্ষে বসবাস করছেন। তিনি কুষ্টিয়া জেলা ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সহসভাপতি ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সদর হাসপাতালের একাধিক চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারী দাবি করেন, অতীতে কোনো সিভিল সার্জনকে এমন কাজ করতে দেখা যায়নি। তাঁর আচরণে তাঁরা অতিষ্ঠ ও বিব্রত। তা ছাড়া এখানে এসেই তিনি নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেছেন। সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালের বিশ্রামকক্ষে থাকলেও সরকারি বাসভবনের ভাড়া কাটাচ্ছি।’মাগুরা জেলা হিসাবরক্ষণ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. লুত্ফর রহমান গতকাল রোববার বলেন, ‘বাড়িভাড়া কর্তন দূরে থাক, সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম এখনো কোনো বেতন উত্তোলন করেননি। এমনকি বেতন উত্তোলনের জন্য যে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, তা-ও তিনি করেননি। তাঁর বর্তমান মূল বেতন ২৬ হাজার ৭৫০ টাকা। নিয়মানুযায়ী সরকারি বাসভবনের ভাড়া বাবদ তাঁকে নয় হাজার ৩৬২ টাকা কাটাতে হবে।’