চিকিত্সকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, স্বজনদের ভাঙচুর
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিত্সকদের অবহেলায় নীরব (৭) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে ওই শিশুর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে নীরব গত সোমবার সন্ধ্যায় পেটের ব্যথায় আক্রান্ত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে নীরবকে একটি ইনজেকশন দেওয়া হয়। এর পরপরই তার মৃত্যু হয়।
নীরবের স্বজনদের দাবি, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
এ অভিযোগে বেলা ১১টার দিকে শিশু ওয়ার্ডের জানালার কাচ ও দরজা ভাঙচুর করে নীরবের স্বজনেরা। এ সময় হাসপাতালের বাইরে একটি প্রাইভেট কারও ভাঙচুর করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিত্সকেরা ৩০ মিনিট কর্মবিরতি পালন করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, শিশুর স্বজনদের হামলায় মোস্তাফিজুর রহমান নামের একজন চিকিত্সক ও দুজন সেবিকা আহত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন না। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন।
ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।