চিকিত্সক-সংকটে পটুয়াখালীর ২৫০ শয্যার সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চিকিত্সকের ৫৮টি পদের ৩৮টিই শূন্য। সিভিল সার্জন কার্যালয়ের তিনজন চিকিত্সা সহকারী এনে চালানো হচ্ছে বহির্বিভাগ।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে শহরের কালিকাপুর এলাকায় ১০০ শয্যার সদর হাসপাতাল নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে এটি ১৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য অবকাঠামোগত উন্নয়ন করা হলেও লোকবল বাড়ানো হয়নি।২৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী হাসপাতালটিতে তত্ত্বাবধায়কসহ ৫৮ জন চিকিত্সক থাকার কথা। কিন্তু এখন কর্মরত আছেন মাত্র ২০ জন। এর মধ্যে তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। বাকি ১৮ জন চিকিত্সাসেবা দিচ্ছেন।সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে সরেজমিনে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগে তিনজন চিকিত্সা সহকারী রোগীদের চিকিত্সাসেবা দিচ্ছেন।লাইনে দাঁড়িয়ে থাকা সেলিনা বেগম জানান, তাঁর মেয়ে সায়মা (৪) বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছে। তাকে নিয়ে তিনি এখানে এসেছেন। টিকিট কেটে আধা ঘণ্টা অপেক্ষার পর এক চিকিত্সা সহকারীর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক বছরে এই হাসপাতালের বহির্বিভাগে এক লাখ ২১ হাজার ৭২৯, অন্তর্বিভাগে ২৪ হাজার ৮৬৩ জন ও জরুরি বিভাগে ২৮ হাজার ৮৮৯ জনকে চিকিত্সাসেবা দেওয়া হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক (দায়িত্বরত) হোসাইন আহমেদ বলেন, এখানে জরুরি বিভাগে চিকিত্সা কর্মকর্তার চারটি পদ থাকলেও দুটি পদ শূন্য রয়েছে। ওই বিভাগে প্রতিদিন যত রোগী আসে, তাতে ছয়জন চিকিত্সকের প্রয়োজন। সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টের ২১টি পদের মধ্যে এখানে কর্মরত আছেন ১২ জন। তাঁরা অন্তর্বিভাগের রোগীদের চিকিত্সা দিচ্ছেন। এই অবস্থায় বহির্বিভাগ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অনেকটা বাধ্য হয়ে সিভিল সার্জনকে অনুরোধ করে তিনজন চিকিত্সক সহকারীকে এনে বহির্বিভাগের কার্যক্রম চালানো হচ্ছে।তিনি আরও জানান, চিকিত্সক-সংকটের বিষয়টি প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে জানানো হচ্ছে। কিন্তু এখানে চিকিত্সক নিয়োগ দেওয়া হচ্ছে না।