চিকিত্সকেরা অবরোধ করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে!
রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে গত বুধবার তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখা হয়। সহকর্মী চার চিকিত্সক তাঁকে অবরোধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান জানান, ওই দিন সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের এক নেতা তাঁকে ফোন করে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুল ইসলামকে তাঁর সহকর্মীরা একটি কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করছেন। সঙ্গে সঙ্গে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাকে না পেয়ে তাঁর বাসায় যান। তাঁকে (ইউএনও) দেখে স্বাস্থ্য কর্মকর্তা হাউমাউ করে কেঁদে ওঠেন। পরে ইউএনও তাঁকে নিজের কার্যালয়ে নিয়ে যান। সাদেকুল ইসলামের বরাত দিয়ে ইউএনও জানান, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ম করেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকদের সকাল আটটায় কার্যালয়ে উপস্থিত হতে হবে। সকাল নয়টার মধ্যে ই-মেইলে তাঁদের হাজিরার বিষয়টি সিভিল সার্জনের কার্যালয়ে পাঠাতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিত্সক কর্মস্থলে থাকেন না। তাই তাঁরা এ নিয়ম মানতে পারছেন না। তাঁরা ঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না হয়েও স্বাস্থ্য কর্মকর্তাকে তাঁদের হাজিরার সঠিক সময় দেখানোর জন্য চাপ দেন। তিনি এ প্রস্তাবে রাজি না হওয়ায় চিকিত্সক মাহাবুব আলী, সুজিত কুমার, ওবায়দুল হক ও আসাদুর রহমান তাঁর কার্যালয়ে গিয়ে চড়াও হন। একপর্যায়ে কার্যালয়ের দরজার ছিটকিনি বন্ধ করে দিয়ে তাঁকে অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর অভিযুক্ত চিকিত্সকেরাই স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের দরজার ছিটকিনি খুলে দেন। এ ব্যাপারে সাদেকুল ইসলাম বলেন, ‘আমার মানসিক অবস্থা ভালো নেই। আমি কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না।’ অভিযুক্ত চিকিত্সক মাহাবুব আলী ওই কর্মকর্তাকে অবরোধ করার কথা অস্বীকার করেন। রাজশাহীর সিভিল সার্জন শহীদুল ইসলাম জানান, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি।