চিকিত্সকেরাই মানছেন না বিকল্প শিশুখাদ্য আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞদের অনেকেই আইন ভেঙে নবজাতক ও দুই বছরের কম বয়সী শিশুদের কৌটার দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। দোষী চিকিত্সকদের ব্যাপারে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) অভিযোগ জানানো উচিত। আজ সোমবার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর, বি) আয়োজিত এক কর্মশালায় আলোচকেরা এ মন্তব্য করেছেন।
ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) ও আইসিডিডিআর, বি গত পাঁচ বছরে নবজাতক ও ছোটো শিশুদের পুষ্টিসেবা নিশ্চিত করতে কে কী ভূমিকা পালন করেছেন, তা নিয়ে ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অংশ নেন দেশের শীর্ষ পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার, বিবিএফের চেয়ারম্যান এস কে রায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষ চন্দ্র সরকার, আইপিএইচএনের উপপরিচালক মো. আবদুল জলিল, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিসটেন্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশনের চেয়ারপারসন রুখসানা হায়দার, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পুষ্টি বিভাগের প্রধান মনিরা হায়দার, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) গবেষক কুন্তল কুমার সাহা, ওয়ার্ল্ড ভিশনের গ্রুপ পরিচালক স্টিফেন কে হালদার। কর্মশালাটি পরিচালনা করেন আইসিডিডিআর, বির সবার জন্য স্বাস্থ্য কর্মসূচির উপকর্মসূচি সমন্বয়ক মো. ইকবাল ও সহযোগী বিজ্ঞানী সাবরিনা রশিদ। কর্মশালার সংবাদ প্রকাশে কোনো অংশগ্রহণকারীর বক্তব্য আলাদাভাবে উপস্থাপন না করতে অনুরোধ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, মায়েরা যেন পুরো ছয় মাস শিশুদের নির্বিঘ্নে দুধ খাওয়াতে পারেন, সেজন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আদেশ বাস্তবায়নে নিজে নির্দেশ দিয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ভালো ভূমিকা পালন করছে। শিশু বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন ও স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সকদের সংগঠন দ্য অবসটেট্রিকাল অ্যান্ড গাইনোকোলোজিকাল সোসাইটি অব বাংলাদেশ কাগজে-কলমে বিকল্প শিশুখাদ্য আইনের পক্ষে বলছে। কিন্তু সংগঠন দুটির বেশ কিছু চিকিত্সক কৌটার দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। তাঁরা আইন মানছেন না।
কর্মশালায় আরও বলা হয়, রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল (বিএনএনসি) গঠিত হয়। প্রধানমন্ত্রী এই কাউন্সিলের প্রধান। কিন্তু বিএনএনসির কোনো কার্যক্রম গত পাঁচ বছরে দেখা যায়নি।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের অপুষ্টি সমস্যা দূরীকরণে বরাবর ভালো ভূমিকা রেখে এসেছে। এ কাজে সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানকে বিশ্বস্বাস্থ্য সংখ্যা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল ৩৬০ (এফএইচআই) ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সহযোগিতা করেছে। বিশ্বব্যাংক অর্থ দিয়ে সহযোগিতা করলেও দেশের পুষ্টি কর্মসূচি নিয়ে এর ভূমিকা বিতর্কিত।
দেশের শীর্ষ পুষ্টি বিশেষজ্ঞ, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নবজাতক ও শিশুপুষ্টি নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন ও কিছু পত্রিকার প্রশংসা করেন। পাশাপাশি সব পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল যথাযথ ভূমিকা পালন করছে না বলেও অভিমত দেন।