চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মানসিক হাসপাতালের একজন কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার মানববন্ধন করেছেন। ওই হামলার প্রতিবাদে তাঁরা ১১ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রেখেছেন। এদিকে ভর্তি বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন। প্রায় আধা ঘণ্টা মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবর তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইদুর রহমান স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এদিকে হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা রোগী ভর্তি বন্ধ রাখায় এবং প্রতিদিন সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।হাসপাতালের পরিচালক এনায়েত করিম বলেন, ‘হাসপাতালের একজন কর্মকর্তা সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। কিন্তু প্রশাসন দোষীদের গ্রেপ্তার করছে না। এর পরও রোগীদের অসুবিধার কথা চিন্তা করে আমি কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার (আজ) থেকে রোগী ভর্তির নির্দেশ দিয়েছি।’পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত, ৯ মে সন্ধ্যায় হাসপাতালে ঢুকতে না দেওয়ায় স্থানীয় দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার মোজাহার আলীর মুখে ও মাথায় আঘাত করে তাঁকে গুরুতর আহত করেন।