চিকিৎসক অনুপস্থিত থাকার বিষয়টি তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের অনুপস্থিতির কারণে রোগীরা সেবা পাচ্ছে না—এমন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গত ২২ ফেব্রুয়ারি মিজানুর রহমান এই নির্দেশ দেন।
প্রথম আলোতে ২২ ফেব্রুয়ারি ‘সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা অনুপস্থিত, রোগীরা সেবাবঞ্চিত’—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ওই নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া নির্দেশে বলা হয়, চিকিৎসকদের অনুপস্থিতির কারণে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা সেবা পাচ্ছে না। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও জনপ্রতিনিধিরা অভিযোগ করে বলেছেন, এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের বেশির ভাগ ঢাকায় বসবাস করেন। তাঁরা সপ্তাহে দু-একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে আবার ঢাকায় ফিরে যান। কমিশন মনে করে উপজেলার মানুষ এ কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। ইউএনওকে বিষয়টি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে।
এ ব্যাপারে ওই দিনই (২২ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. ইমাম উদ্দীন কবীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আদেশের কপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও ইউএনওর কাছে পাঠানো হয়।
এ ব্যাপারে গতকাল শুক্রবার ইউএনও আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি। চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন লিখিত জবাব দিয়েছেন। আমরা দু-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব।’