রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোনো কোনো চিকিৎসক মাসের পর মাস কর্মস্থলে আসছেন না। আবার কেউ কেউ আসেন তাঁদের ইচ্ছামাফিক। কর্তৃপক্ষ এসব চিকিৎসকের ব্যাপারে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তাঁরা তাঁদের মতোই চলছেন। এতে ৫৩০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণসংখ্যক রোগীকে চিকিৎসা দিতে অন্য চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন।হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ গত জানুয়ারি মাস থেকে কর্মস্থলে আসছেন না। বিভাগীয় প্রধান বি কে দাম বলেন, ‘বিভাগের দুটি ইউনিটের একটির দায়িত্বে ছিলেন হারুন। তিনি দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।’ তিনি বলেন, ‘বিভাগে রোগীর চাপ এত বেশি যে তাঁদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়।’ তিনি জানান, মাস তিনেক আগে হারুনের ব্যাপারে অধ্যক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এর পরও তিনি আসছেন না। জানা গেছে, হারুন যশোরের একটি ক্লিনিকে সপ্তাহে পাঁচ দিন রোগী দেখেন। গত শনিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে হারুন বলেন, তিনি অসুস্থ। তাই অর্জিত ছুটি নিয়েছেন। তবে ছুটি কিছুটা বেশি হয়ে গেছে, আবার মঞ্জুর করাতে হবে। অননুমোদিতভাবে ছুটিতে থাকার কথা ঠিক নয় বলে তিনি দাবি করেন। শনিবার বিকেলে আমাদের যশোর প্রতিনিধি রোগী পরিচয় দিয়ে হারুনকে দেখানোর জন্য মুঠোফোনে যোগাযোগ করলে হারুন বলেন, তিনি যশোর শহরের একতা হাসপাতালে রোগী দেখেন। তাঁকে তিনি সন্ধ্যায় ওই ক্লিনিকে যেতে বলেন। একইভাবে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান হাসিনা আফরোজ। কয়েক দিন আগে ওই বিভাগে গিয়ে তাঁর চেম্বারের সামনে একজন সেবিকাকে পাওয়া গেল। তিনি বলেন, ‘হাসপাতালে অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) নেই। তাই বড় অপারেশন হয় না। এ জন্য হাসিনা ম্যাডাম আসেন না।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসিনা আফরোজ দাবি করেন, নিয়মিত না হলেও তিনি প্রতি সপ্তাহেই কর্মস্থলে যান। একাডেমিক বিষয়গুলো দেখেন। বছর খানেক আগে সার্জারি বিভাগের চিকিৎসক রফিকুস সালেহীন যোগদান করার পর আর কর্মস্থলে আসেননি। এ ব্যাপারে রফিকুস সালেহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। হাসপাতাল সূত্র জানায়, নাক-কান-গলা বিভাগের ডা. মনোয়ার, ডা. এম এ মতিন, শিশু সার্জারি বিভাগের ডা. মুস্তাক নিয়মিত কর্মস্থলে আসেন না। গত শনিবার বিকেলে মুঠোফোনে ডা. মনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি একটি অস্ত্রোপচারে ব্যস্ত আছেন। প্রথম আলোর পরিচয় দিলে তিনি ফোনটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। দ্বিতীয় ব্যক্তি নিজেকে মনোয়ার দাবি করে বলেন, তিনি রাজশাহী থেকে অফিস করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকা থেকে গিয়ে নিয়মিত অফিস করেন। এরপর তিনি আর কথা বলতে চাননি। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান বলেন, ডা. হারুনুর রশিদ, হাসিনা আফরোজ ও রফিকুস সালেহীনের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ডা. মনোয়ার, এম এ মতিন ও মুস্তাকের অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।