চিকিৎসক অনুপস্থিতির ঘটনা, তদন্তে দুটি কমিটি গঠিত
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক অনুপস্থিতির ঘটনা তদন্তে গত রোববার দুটি কমিটি গঠিত হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক (স্বাস্থ্য) শওকত আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি এবং রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের ডিপুটি সিভিল সার্জন আবদুল মজিদের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, শনিবার প্রথম আলোয় ‘বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক থেকেও নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন রোববার ওই দুটি তদন্ত কমিটি গঠন করা হলো।
সিভিল সার্জন মোজাম্মেল হোসেন ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি এ সময় আরও কয়েকজন চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিত পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার গতকাল হাসপাতালে যোগদান করেছেন। ১৬ জুন তাঁর যোগদান করার কথা থাকলেও অসুস্থতার কারণে এত দিন তিনি যোগদান করেননি।
রংপুরের বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) শওকত আলী বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাঁচ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সিভিল সার্জন মোজাম্মেল হোসেন জানান, তাঁর কার্যালয় থেকে গঠন করা কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।