দিনাজপুরের ফুলবাড়ী হেলথ কেয়ার ক্লিনিকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙচুর চালানো হয়েছে। অস্ত্রোপচারের পর একজন প্রসূতির মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন এ হামলা চালায়। তারা ক্লিনিকের ভেতরে চিকিৎসক ও সেবিকাদের অবরোধ করে রাখে। পরে দুপুর সোয়া ১২টার দিকে একজন চিকিৎসক, একজন সেবিকা ও একজন রোগীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।ক্লিনিক সূত্রে জানা গেছে, ফাহিমা বেগম (৩৪) নামে একজন প্রসূতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ক্লিনিকে ভর্তি হন। তিনি উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. সোবহান আলীর মেয়ে। ক্লিনিকের চিকিৎসক ফাতেমা আহমেদ রাত পৌনে নয়টার দিকে অস্ত্রোপচার শুরু করেন। এসময় তাঁর সন্তানের জন্ম হয়। কিছুক্ষণ পরই রোগী ছটফট শুরু করেন এবং রক্তের চাপ কমে আসে। অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালের চিকিৎসকেরা রোগী মারা গেছে বলে জানান। তবে নবজাতক সুস্থ আছে।চিকিৎসক ফাতেমা আহমেদ প্রথম আলোকে বলেন, গাইনি বিষয়ে অস্ত্রোপচারে তাঁর সনদ নেই, তবে যথেষ্ট অভিজ্ঞতা আছে। রোগীটি তাঁর ক্লিনিকে মারা যাননি। হঠাৎ রক্তচাপ কমে আসায় রোগীকে রাতেই দিনাজপুরে পাঠানো হয়েছিল, এই দায় তাঁর নয়।ক্লিনিকের জ্যেষ্ঠ সেবিকা নিগার সুলতানা বলেন, অস্ত্রোপচারের দায়িত্বে তিনি থাকেন। তাঁর কোনো সনদ নেই। ক্লিনিকে প্রতি মাসে ১৫-১৬টি সিজার (অস্ত্রোপচার) হয়। ওই আপা (ডা. ফাতেমা) নিজেই সব করেন। বিভিন্ন কারণে দেড়-দুই মাস আগে আরও দুজন রোগী এখানে মারা গেছেন বলে তিনি স্বীকার করেন। অনুসন্ধানে জানা গেছে, অর্পিত সম্পত্তি দখলে নিয়ে ফুলবাড়ী সেতুর ধারে শাখা যমুনা নদীর ওপর ক্লিনিকটি করা হয়েছে। সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে বছরখানেক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিব-উল-ফেরদৌস ক্লিনিকটিতে অভিযান চালিয়ে বন্ধ করে দেন। ওই ইউএনও চলে যাওয়ার পর ফেব্রুয়ারি মাস থেকে এটি ফের চালু করা হয়।ক্লিনিকের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এর জন্য সরকার ও জার্মান দূতাবাস থেকে আর্থিক অনুদানও পেয়েছি।’ রোগী মারা যাওয়ার বিষয়ে তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, একজন চিকিৎসক, একজন সেবিকা ও একজন রোগীকে থানা হেফাজতে রাখা আছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।