জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হলেও চিকিৎসার সরঞ্জাম নেই। এ কারণে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া লক্ষণ ও উপসর্গ দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন চিকিৎসকেরা। অন্য দিকে কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলো ব্যবহারের অযোগ্য হলেও ঝুঁকির মধ্যে কাজ চালানো ও বসবাস করতে হচ্ছে চিকিৎসক ও কর্মচারীদের।
জানা গেছে, দীর্ঘদিন চিকিৎসকের স্বল্পতা ছিল জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আটজন চিকিৎসক রয়েছেন। কিন্তু দীর্ঘদিন অবহেলায় থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসা-সরঞ্জাম ইতিমধ্যে অকেজো হয়ে গেছে।
জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমাসহ স্থানীয় লোকজন জানান, এ উপজেলার সঙ্গে অন্য কোনো উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই। প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যুষিত এমন একটি দুর্গম উপজেলার একমাত্র চিকিৎসাসেবার কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কমপ্লেক্সে চিকিৎসার সরঞ্জামাদি না থাকায় সবার রাঙামাটি শহরমুখী হয়ে থাকতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা চিকিৎসার সরঞ্জামগুলো অকেজো হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের স্বাস্থ্য পরীক্ষার সাধারণ কোনো সরঞ্জামও নেই। তাই আমরা এখানে শুধু ক্লিনিক্যাল (লক্ষণ ও উপসর্গভিত্তিক) সেবা দিতে পারছি। অথচ উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে চিকিৎসার সরঞ্জাম থাকা খুবই জরুরি।’
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, ১০ শয্যাবিশিষ্ট সেমিপাকা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনসহ চিকিৎসক, কর্মচারী ও সেবিকাদের আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ অবস্থা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। ভবনে এমন কোনো দেয়াল েনই যেখানে ফাটল দেখা দেয়নি। টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ায় কয়েকটি কক্ষ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাইরের দেয়ালের বিভিন্ন স্থানে েশওলা জমেছে। আবাসিক ভবনগুলোর অবস্থাও একই।
সেবিকা সুচরিতা চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বসবাসের ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়ে। এ ছাড়া আর উপায়ও েনই।
সদ্য চাকরিতে যোগ দেওয়া চিকিৎসা কর্মকর্তা মোশি দায়েন হালদার বলেন, চিকিৎসকদের বাসভবনটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে। তা ছাড়া এখানে বাসা ভাড়া পাওয়াও কঠিন।
কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা জানান, কর্মচারী বাসভবনের যে কক্ষে তিনি থাকেন, তার চারদিকে ফাটল। মাঝেমধ্যে সাপও দেখা যায়। আর যদি ঝড়-বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা থাকে, তখন অন্য কোথাও গিয়ে রাত যাপন করেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে চার-পাঁচ বছর ধরে লেখা হচ্ছে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসছে না। তবে ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার সরকারের একটা পরিকল্পনা রয়েছে। সেটা বাস্তবায়নের জন্য হয়তো এগুলোতে আর সংস্কারকাজে হাত দেওয়া হচ্ছে না।