চিকিৎসক আছেন কাগজে-কলমে
বেলা দেড়টায় সবার তোড়জোড় শুরু হয়েছে। বেতন-ভাতা নেওয়া ও সংক্ষিপ্ত মাসিক সভা শেষ হওয়ার পর সবাই চলে যাবেন বলে যেন হুড়োহুড়ি পড়েছে। তারপর বেলা দুইটার মধ্যে দুজন সেবিকা ছাড়া স্বাস্থ্যকেন্দ্র জনমানবশূন্য।বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গতকাল বৃহস্পতিবার এ রকম দৃশ্য দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (ইউএইচএফপিও) কাগজে-কলমে তিনজন থাকলেও বাস্তবে সেখানে কোনো চিকিৎসক নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানালেন, ইউএইচএফপিও উদয় শঙ্কর চাকমা সকালে এসে দুপুরে চলে গেছেন। তিনি মাঝেমধ্যে সকালে এসে বিকেলে দোহাজারি চলে যান। একজন চিকিৎসা কর্মকর্তা (এমও) যোগ দিয়ে ছুটি নিয়েছেন। ১৮ অক্টোবর চলে আসার কথা রয়েছে। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বদলি করা হয়েছে। তিনি ইউএইচএফপিওর স্বাক্ষরের জন্য যোগদানপত্র পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত রোয়াংছড়িতে আসেননি।সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে থাকার অঙ্গীকারে নিয়োগ দেওয়া অস্থায়ী (অ্যাডহক) চিকিৎসক চারজন প্রদান করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন চাকরি ছেড়ে দিয়েছেন, দুজন মেডিকেল কলেজে লেকচারার ও একজন বদলি হয়ে চলে গেছেন। এ জন্য চিকিৎসক-সংকট এখন চরম আকার ধারণ করেছে। ইউএইচএফপিও নিজে কর্মস্থলে থাকেন না। অন্যদের থাকতে বলবেন কী করে। এর ফলে পর্যাপ্ত ওষুধপথ্য, চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ চিকিৎসা পাচ্ছে না। ১১ শয্যার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দুজন ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী ছাড়া সব কটি শয্যা খালি দেখা গেছে। কর্তব্যরত সেবিকারা (নাম বলতে চাননি) চিকিৎসক না থাকার কথা স্বীকার করে বলেছেন জরুরি রোগী এলে তাঁরাই চিকিৎসকের দায়িত্ব পালন করেন। কারণ এ ছাড়া কোনো উপায় নেই। চিকিৎসক না থাকায় রোগীও চিকিৎসা নিতে আসেনি বলে সেবিকারা বলেছেন। উচ্চমান সহকারী মংম্যানু মারমা জানালেন, নতুন বদলি চিকিৎসকেরা ছুটি শেষে যোগদান করলে সব ঠিকঠাকভাবে চলবে। তাঁরা সবাই কর্মস্থল ছেড়ে চলে যাচ্ছেন কেন—জানতে চাইলে তিনি বলেন দাপ্তরিক কাজে সমস্যা নেই। ইউএইচএফপিও উদয় শঙ্কর চাকমা বেলা দেড়টার আগে স্বাস্থ্যকেন্দ্র ত্যাগ করায় তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেছেন, চিকিৎসক নেই এটা নতুন কথা নয়। চিকিৎসক পদায়ন করা ও বদলি হয়ে চলে যাওয়ার ব্যাপারে তাঁদের কোনো কিছু জানানো হয়নি। ইউএইচএফপিও মাঝেমধ্যে আসেন বলে তিনি জানান। বান্দরবানের সিভিল সার্জন বলেছেন বহু দেনদরবার করে তিনজন চিকিৎসক রোয়াংছড়িতে আনা হয়েছে। তাঁরা কর্মস্থলে থাকবেন বলে তিনি আশাবাদী। এ ছাড়া তিনি কোনো কিছু বলতে চাননি।