চিকিৎসক আছেন পাঁচজন, তবে রোগী দেখেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর কক্ষে রোগী দেখছিলেন উপসহকারী কমিউনিটি চিকিৎসক নিশান চাঁদ বিশ্বাস। কক্ষের সামনে দীর্ঘ লাইন। একের পর এক রোগী দেখে যাচ্ছেন তিনি। অথচ পাঁচজন চিকিৎসক উপস্থিত থাকলেও তাঁরা কেউই রোগী দেখেন না।নিশান চাঁদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২১৫-২২০ জন রোগী দেখেছি। অন্যান্য দিনও আমি একাই সব রোগী দেখি। প্রতিদিনই আমাকে প্রচুর ভিড় সামাল দিতে হয়।’বহির্বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৫১ জন রোগী চিকিৎসাসেবা নেওয়ার জন্য টিকিট নিয়েছেন।গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে এ চিত্র পাওয়া গেছে। এর আগে দুই দিন এখানে অবস্থান করে একই চিত্র দেখা যায়।লক্ষ্মীপাশা গ্রামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধা চিকিৎসা নিতে এসেছেন। তাঁর গা কাঁপছে। লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে ৪ নম্বর কক্ষের সামনে বারান্দায় আলাদা বসে আছেন। তিনি বলেন, ‘জানি না কখন লাইন শেষ হবে। আর কখন ডাক্তার দেখাতি পারব।’ একই গ্রামের মুরশিদা ইয়াসমিন (৩৬) বলেন, ‘৪ নম্বর কক্ষে দীর্ঘ লাইনে অনেক ভিড়। অন্য ডাক্তাররা রোগী দেখছেন না। তাই ডাক্তার নিজের বাচ্চাকে না দেখায় ফিরে যাচ্ছি।’ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ হাসপাতালে চিকিৎসকের নয়টি পদ আছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহীদুল ইসলামসহ পাঁচজন কর্মরত আছেন। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখার কথা।গতকাল দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বেলা ১১টা ১০ মিনিটে, চিকিৎসক মায়ারানী বিশ্বাস ১০টা ১৫ মিনিটে, বিধান পাল ১০টা ৩৫ মিনিটে, লুৎফুন নাহার সকাল নয়টায় ও গুলশান আরা নয়টা ৫০ মিনিটে হাসপাতালে আসেন। হাসপাতালে ফিঙ্গার প্রিন্ট মেশিন থাকলেও তা তাঁরা কেউই ব্যবহার করেননি।মায়ারানী বিশ্বাস বলেন, ‘নড়াইল থাকি, তাই প্রতিদিনই আসতে দেরি হয়। আর আমি গাইনির বিশেষজ্ঞ চিকিৎসক। তাই রেফার্ড করা রোগী দেখি বলে আমার কক্ষে রোগী কম।’ বিধান পাল বলেন, ‘আজ ক্লিনিকে অপারেশন ছিল বলে দেরি হয়েছে। আর আমি অ্যানেসথেসিয়া চিকিৎসক, তাই বহির্বিভাগে রোগী দেখা আমার ইচ্ছাধীন।’ লুৎফুন নাহার বলেন, ‘আমি আরএমওর দায়িত্বে, তাই বিভিন্ন কাজ থাকায় বহির্বিভাগে তেমন একটা রোগী দেখা হয় না।’ গুলশান আরা বলেন, ‘আমার ছোট বাচ্চা আছে, তাই মাঝেমধ্যে আসতে দেরি হয়। আর রোগীরা যে আমার কক্ষে কেন আসে না তা বুঝতে পারি না।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ‘ত্রুটিবিচ্যুতি আছে। এ নিয়ে চিকিৎসকদের মৌখিক ও লিখিতভাবে অনেকবার সতর্ক করেছি। তার পরও ঠিকমতো দায়িত্ব পালন না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এদের ব্যাপরে জানিয়েছি।’ আপনি নিজেই বেলা ১১টা ১০ মিনিটে হাসপাতালে এসেছেন, এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘যশোরে থাকি। আজ সিভিল সার্জন অফিসে কাজ ছিল বলে আসতে দেরি হয়েছে।’