চিকিৎসক আজিজুর অপহরণ মামলায় ইজহারুলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় জামিন পেয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।ইজহারুল ইসলামকে গত বছর ২৬ ডিসেম্বর আজিজুর রহমান অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৭ মার্চ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত গতকাল শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।২০০৩ সালে খুলনার ইমাম পরিষদ আজিজুরকে মুরতাদ ঘোষণা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। আজিজুর প্রাণভয়ে সপরিবারে পালিয়ে ঢাকায় চলে আসেন। পরে ঢাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, হুজির জঙ্গিরা তাঁকে হত্যা করে লাশ গুম করেছে। এ ঘটনায় ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর আজিজুরের স্ত্রী ফারহানা রেজা বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় অপহরণ মামলা করেন। কিন্তু ২০০৭ সালের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটির অপমৃত্যু ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।২০০৮ সালের ১৮ মে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের সঙ্গে দেখা করে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন মামলার বাদী ফারহানা রেজা। আবেদনে তিনি উল্লেখ করেন, ওই বছর ৩ মে প্রথম আলোয় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, হুজি নেতা মুফতি হান্নানের নেতৃত্বে তাঁর স্বামীকে জঙ্গিরা হত্যা করেছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের উদ্যোগে আদালতের মাধ্যমে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।