রোববার সকাল পৌনে নয়টা। ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। আকস্মিক পরিদর্শনে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। সকালের পালায় হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মধ্যে বেশির ভাগই তখন অনুপস্থিত। অথচ সাড়ে আটটা থেকে তাঁদের হাসপাতালে থাকার কথা।
অনুপস্থিত অন্তত ২০ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী।
হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত সচিব অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে এসে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি প্রায় ২০ থেকে ২৫ মিনিট হাসপাতালে ছিলেন। ওই সময়ের মধ্যে অনুপস্থিত অনেক চিকিৎসক কর্মস্থলে আসতে থাকেন। পরে অতিরিক্ত সচিব অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
জানতে চাইলে অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আকস্মিক পরিদর্শনে গিয়ে অনেক চিকিৎসককে কর্মস্থলে পাইনি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ককে বলেছি। প্রথমে কারণ দর্শানো, পরে জবাব সন্তোষজনক না হলে বেতন কর্তনসহ আরও অনেক ব্যবস্থা নেওয়া যায়।’
কতজন অনুপস্থিত ছিলেন জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, বেশ কয়েকজন ছিলেন না। এখন তত্ত্বাবধায়ক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানান, হাসপাতালে ওই সময় মাত্র ছয়জন চিকিৎসক উপস্থিত ছিলেন। দিন-রাত এই হাসপাতালে বিভিন্ন পালায় (শিফট) ৮৪ জন চিকিৎসক দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী বলেন, ‘সচিব স্যার এসে বেশ কিছু চিকিৎসককে পাননি। আমাকে দায়িত্ব দিয়েছেন ব্যবস্থা নিতে। আমি কারণ দর্শানো নোটিশ দিয়েছি। ২০ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’