চিকিৎসক এসেই বদলি হয়ে যান
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকেরা যোগদান করেই তাৎক্ষণিকভাবে বদলি হয়ে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, ‘ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চিকিৎসক কীভাবে জানি যোগদান করার পরপরই বদলি হয়ে চলে যান। বদলির ব্যাপারে আমার কোনো হাত থাকে না।’হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক বছরে মামুনার রশিদ, শফিউল আজম, আব্দুর রাজ্জাক, এনামুল হক, আল মাসুদ, নার্গিস পারভীন, মেহেদী হাসান, জামাল-ই-রব্বানী, আরিফ আনমসহ অনেক চিকিৎসক এখানে যোগদান করেই বদলি হয়ে যান। আবাসিক চিকিৎসা কর্মকর্তা, দন্ত চিকিৎসক, গাইনি চিকিৎসক, শৈল্যচিকিৎসক, চক্ষু, হূদেরাগ, নাক-কান-গলা ও চর্মরোগের চিকিৎসক আগে থেকে নেই। এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে কেউ নেই। হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার তিন লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য একমাত্র ভরসা এই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ২১টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে নামমাত্র তিনজন চিকিৎসক আছেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৬০ কিলোমিটার দূর বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এসে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। মোসলেহ উদ্দীন ও লোকমান হোসেন নামের দুজন চিকিৎসক পালাক্রমে জেলা শহর থেকে এসে মাত্র তিন ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চলে যান। জরুরি বিভাগে রোগী এলে চিকিৎসা সহকারীরা চিকিৎসা না দিয়ে পাঠিয়ে দেন জেলা হাসপাতালে।গতকাল বুধবার বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে কোনো চিকিৎসক নেই। শিশু, নারী ও পুরুষ তিনটি ওয়ার্ডে মোট ১৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে রোগী আবদুল মজিদ জানান, তিন দিন আগে তিনি এখানে ভর্তি হয়েছেন। কোনো চিকিৎসক দেখতে আসেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার লিখেও কোনো কাজ হচ্ছে না। অনেক চিকিৎসক এখানে এসে যোগদান করে তাৎক্ষণিকভাবে বদলি হয়ে চলে যান। রাতে চিকিৎসা সহকারীকে চিকিৎসার জন্য দায়িত্বে রাখা হয়।’