চিকিৎসক ও ওষুধ সংকটে চিকিৎসা ব্যাহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গবাদিপশুর খুরারোগ ছড়িয়ে পড়ছে। সময়মতো ও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় জনবল ও ওষুধ না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে বলে উপজেলা প্রািণসম্পদ হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী গবাদিপশুর মালিকদের সূত্রে জানা গেছে, মাস খানেক ধরে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ব্যাপক আকারে গবাদিপশুর খুরারোগ ছড়িয়ে পড়ে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক গরু মারা গেছে। এর মধ্যে গত ২০ অক্টোবর বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামের অহেদ আলীর একটি গাভি ও দুটি বাছুর মারা যায়। গত ২৭ অক্টোবর রামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রবিউল ইসলামের তিনটি বকনা বাছুর মারা গেছে। তার আরও ১২টি গরু এ রোগে আক্রান্ত। গত ৩১ অক্টোবর পৌরসভার গুলপাড়া মহল্লার বাবলু নামের এক ব্যক্তির বাছুর মারা যায়। রামপুর ইউনিয়নের পূর্ব হুগলীপাড়া গ্রামের মাকরু নামের এক ব্যক্তির ছয়টি গরু খুরারোগে আক্রান্ত। ১ নভেম্বর একটি ষাঁড় মারা যায়। ৪ নভেম্বর পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লার আকতার হোসেনের তিনটি বকনা বাছুর মারা যায়। তাঁর আক্রান্ত গরুর সংখ্যা ১৩টি। ক্ষতিগ্রস্ত গবাদিপশুর এসব মালিক অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে ডাক্তার, ভ্যাকসিন কিংবা ওষুধ কোনোটাই মিলছে না।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা হয় ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) মমিনুর রহমানের। হাসপাতালে জনবল সংখ্যা ১১ হলেও একমাত্র তিনিই উপস্থিত আছেন। অন্য পদের লোকজন সম্পর্কে তিনি বলেন, তিনটি পদ শূন্য, দুজন জেলা কার্যালয়ে গেছেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম কিবরিয়া মারা যাওয়ার পর থেকে এ পদটি শূন্য রয়েছে। অন্যদিকে, ভেটেরিনারি সার্জন আবু সরফরাজ ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন। অন্যরা ফিল্ডে আছেন। তিনি খুরারোগের সংক্রমণের কথা স্বীকার করে বলেন, ‘বর্তমানে আমাদের সংগ্রহে কোনো ভ্যাকসিন নেই।’ তিনি জানান, গত কোরবানির ঈদে খুরারোগে আক্রান্ত ভারতীয় গরু আমদানি করায় এ অঞ্চলে খুরারোগের সংক্রমণ দেখা দিয়েছে।
দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক বলেন, ‘মাসিক ভিত্তিতে আমরা কিছু ভ্যাকসিন পাই, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’