বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল-সংকটের কারণে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীকেই ফিরে যেতে হচ্ছে।হাসপাতালের গাইনি ও ডেন্টাল সার্জারি বিভাগে কোনো চিকিৎসক নেই। ৩১ শয্যার এ হাসপাতালে শিশু চিকিৎসকের কোনো পদ নেই। পদ থাকলেও চিকিৎসক নেই মেডিসিন বিভাগে। আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদও শূন্য রয়েছে। সার্জারি বিভাগে জুনিয়র কনসালট্যান্ট থাকলেও নেই মানসম্পন্ন অস্ত্রোপচারের কক্ষ ও অভিজ্ঞ জনবল।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১২ সালের জুলাই মাসে গাইনি বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে মনোঙ্গ চিত্রলেখা কুণ্ডু যোগদান করেন। এর পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে তিনি কর্মরত রয়েছেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান জানান, কোনো রকমে জোড়াতালি দিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করতে হচ্ছে। সমস্যা নিয়ে একাধিকবার জেলার সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে প্রতিদিন আসা রোগীদের শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ শিশু রোগী। কিন্তু হাসপাতালে শিশু চিকিৎসকের কোনো পদ নেই।ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্বে থাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. ওলীউল্লাহ জানান, প্রতি মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০-৬০০ দন্তরোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসে। কিন্তু ২০১১ সালের জুলাই থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেন্টাল সার্জন নেই। জুনিয়র মেডিসিন কনসালট্যান্ট পদে চিকিৎসক নেই তিন বছর ধরে।যোগাযোগ করলে সিভিল সার্জন মো. খলিলুর রহমান জানান, এমন সমস্যা জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।