অনুমোদন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছাড়াই ক্লিনিক চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান এলাকার চারটি হাসপাতাল ও ক্লিনিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাধ্যমে যৌথভাবে অভিযানটি চালানো হয়। ক্লিনিকগুলো হলো দক্ষিণখানের অনুপম ক্লিনিক ও হাসপাতাল, দক্ষিণখান পারিবারিক স্বাস্থ্যসেবা, ফাতেমা মেডিকেল সেন্টার এবং তাজ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। দক্ষিণখান পারিবারিক স্বাস্থ্যসেবা হাসপাতালকে ১ লাখ টাকা, অনুপম ক্লিনিককে ৫০ হাজার, ফাতেমা মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা এবং তাজ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযান চলার সময় ফাতেমা মেডিকেল সেন্টারের প্যাথলজি কক্ষের ফ্রিজ থেকে মিষ্টি, রান্না করা তরকারি এবং কাঁচা মাংস ছাড়াও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এসব হাসপাতালের বাইরের সাইনবোর্ডে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম লেখা থাকলেও অভিযানের সময় হাসপাতালের একজন চিকিৎসককেও খুঁজে পাওয়া যায়নি। সার্বক্ষণিক চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, সনোলজিস্ট এমনকি পরিচ্ছন্নতাকর্মী ছাড়াই দিনের পর দিন এই হাসপাতাল ও ক্লিনিকগুলো চলছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি ১০ শয্যার হাসপাতালে তিনজন ডাক্তার, ছয়জন নার্স ও তিনজন পরিচ্ছন্নতাকর্মী থাকার বাধ্যবাধকতা আছে। শর্তগুলো এসব হাসপাতাল ও ক্লিনিকে মানা হয়নি।