চিকিৎসক ও নার্স সংকটে সেবা পাচ্ছেন না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংকট চলছে। ফলে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রায় দেড় বছর আগে ১০০ শয্যা থেকে জেলার প্রধান এই সরকারি হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। গতকাল বেলা ১১টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, সাত শতাধিক রোগী বহির্বিভাগে সেবার জন্য দাঁড়িয়ে আছে। মাত্র তিনজন চিকিৎসক রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। প্রায় ৫৫ কিলোমিটার দূরে চকরিয়ার ডুলাহাজারা পাহাড়ি গ্রাম থেকে আসা গৃহবধূ ছামিয়া আকতার (৪৫) বলেন, ‘আড়াই বছরের ছেলে কামরুল পাঁচ দিন ধরে জ্বরে ভুগছে। অনেকে বলছেন নিউমোনিয়া হয়েছে। সকাল আটটা থেকে এই হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়েছি। তিন ঘণ্টা পার হলো; চিকিৎসকের দেখা পাচ্ছি না। আরও কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হয়, আল্লাহ জানেন। প্রচণ্ড জ্বরে ছেলেটা ছটপট করছে।’ ৯০ কিলোমিটার দূরে টেকনাফের দুর্গম বাহারছড়া থেকে আসা চাষি আবদুস সালাম (৫০) বলেন, ‘কয়েক দিন ধরে তাঁর স্ত্রী অসুস্থ। সুস্থ করার জন্য এই হাসপাতালে আনা হলেও এখন তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। সরকারি হাসপাতালে যদি এই দুরবস্থা হয়, আমরা যাব কোথায়?’ হাসপাতালের তৃতীয় তলায় ৪০ শয্যার শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ৭৬ শিশু ভর্তি। এক সিটে তিন-চারটি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। বহু শিশুকে সিটের অভাবে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। এই ওয়ার্ডে ছয়জন চিকিৎসকের পদে কর্মরত আছেন মাত্র দুজন। মাত্র দুজন নার্স বিপুলসংখ্যক শিশুর সেবা দিতে হিমশিম খাচ্ছেন।৪০ সিটের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭০ জন। ৪০ সিটের প্রসূতি বিভাগে ৫৫ জন। ১৫ জন প্রসূতি নারীতে মেঝেতে শুয়ে থেকে সেবা নিতে হচ্ছে। অন্যদিকে ৫০ সিটের পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৮৪ জন।হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন তিন শতাধিক রোগী আসে। কিন্তু এই বিপুলসংখ্যক রোগীর সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক । বাকি ছয়টি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে খালি।হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা পু চ নু বলেন, ২৫০ শর্যার এই হাসপাতালে ৬০টি চিকিৎসক পদে বর্তমানে কর্মরত রয়েছেন ৩৬ জন। অন্যদিকে ৮৩টি নার্স পদে কর্মরত রয়েছেন মাত্র ৩৭ জন। ৪৮ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদে কর্মরত রয়েছেন মাত্র ২৮ জন। ফলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, এই হাসপাতালে দৈনিক এক হাজার থেকে এক হাজার ২০০ রোগী আসে। কিন্তু স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে মেডিকেল কলেজের শিক্ষকদেরও এই হাসপাতালে পাঠানো হচ্ছে। সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া বলেন, ২৫০ শয্যায় উন্নীত করা হলেও হাসপাতালের জনবল নিয়োগ দেওয়া হয়নি। আর এ কারণে নতুন ওয়ার্ডগুলো চালু করা যাচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চলছে।