চিকিৎসক ও নার্সদের প্রেষণ বাতিল করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব চিকিৎসক, নার্স ও কর্মকর্তা প্রেষণে (ডেপুটেশন) আছেন, তাঁদের প্রেষণ বাতিল করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শনের সময় স্বাস্থমন্ত্রী কাগজেপত্রে নয়জন নার্সের কর্মতালিকা দেখতে পান। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনই প্রেষণে রয়েছেন বলে জানতে পারেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে হাসপাতালগুলোতে যন্ত্রপাতি, নার্স ও চিকিৎসক পাওয়া যেত না। এখন পাওয়া যাচ্ছে। প্রতিটি উপজেলায় আরও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ল্যাবরেটরি, এক্স-রে কক্ষ, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।হাসপাতালের চিকিৎসক মামুনুর রহমান জানান, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গাইনি বিশেষজ্ঞ ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন অ্যানেসথেসিয়া চিকিৎসকের সাহায্যে ইতিমধ্যে সিজারিয়ান অস্ত্রোপচার শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু তাহের (হাসাপাতাল), জাকির হোসেন (পরিবার পরিকল্পনা), গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. হাবিবুল্লাহ।