চিকিৎসক ও রোগীর সংখ্যা সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসক ও ভর্তি রোগীর সংখ্যা প্রায় সমান। আধুনিক চিকিৎসাব্যবস্থার সব রকম সুবিধা থাকলেও আন্তবিভাগে রোগী খুবই কম। তবে চিকিৎসাব্যবস্থা নিয়ে রোগীরা সন্তুষ্ট।
রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারসংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতাল ২০১৩ সালে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। গড়ে রোগী ভর্তি থাকে ৯০-৯৫ জন। হাসপাতালে চিকিৎসকই আছেন ৯০ জন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ মিলিয়ে আছেন লোকবল ২২৮ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা দেখা যায়। কর্তব্যরত নার্স বললেন, বেলা একটা পর্যন্ত চারজন রোগী এসেছেন। প্রতিটি বিভাগে একই অবস্থা, রোগী কম। শিশু বিভাগে নানা রকম কার্টুনের পোস্টার টাঙানো। এখানে ১২টি শিশু ভর্তি আছে।
সেবা নিতে আসা মানুষ চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট। ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে তারা সব ধরনের সেবাই পাচ্ছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মচারী মিজানুর রহমান এসেছেন স্ত্রীকে নিয়ে। তিনি বলেন, ‘চিকিৎসা ভালোই’। বৃষ্টি বেগম ছয় বছর ধরে এখানে পুরো পরিবারের চিকিৎসা করান। বোনের মেয়েকে ভর্তি করিয়েছেন। তিনি বলেন, চিকিৎসা খুবই ভালো, ডাক্তার পাওয়া যায় সব সময়। পরিচ্ছন্নতার ব্যাপারেও রোগীরা সন্তুষ্ট। রিনা রহমান পাঁচ দিন ধরে ভর্তি আছেন। তিনি বলেন, পরিবেশ সুন্দর। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকেরা আসেন। গত বছরের আগস্ট থেকে ১০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিয়া সাজমিন সিদ্দিকা বলেন, বিনা মূল্যের টিকিট রোগীরা হারিয়ে ফেলে। কোনো রোগী পুনরায় এলে তাকে কী ওষুধ দেওয়া হয়েছিল, তা জানা সম্ভব হয় না। এ কারণে যেন কেউ টিকিট না হারায়, তাই ফির ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, বহির্বিভাগে প্রতিদিন পাঁচ থেকে সাত শ রোগী আসে।