
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করতে সাড়ে তিন বছর আগে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে। কিন্তু চিকিৎসক, লোকবলের অভাব ও প্রশাসনিক অনুমোদন না থাকায় এখনো ৫০ শয্যার কার্যক্রম চালু হয়নি।
শয্যাসংকটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করতে ২০০৭-০৮ অর্থবছরে পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে দোতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে নতুন ভবনের দোতলায় রোগীদের থাকার ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার) ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার তৈরি করা হয়। এ ছাড়া চিকিৎসকদের থাকার জন্য ১২টি আবাসিক কোয়ার্টারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য পৃথক আবাসিক কোয়ার্টারও নির্মাণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, লোকবল ও প্রশাসনিক অনুমোদন না থাকায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও চালু হচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম। কিন্তু ৫০ শয্যার জন্য কোটি টাকা ব্যয়ে কেনা প্রয়োজনীয় সব যন্ত্রপাতি দুই বছর ধরে প্যাকেটবন্দী হয়ে পড়ে আছে।
এদিকে বর্তমানে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রতিদিন বহির্বিভাগে রোগীর সংখ্যা ৩০০। ভর্তি থাকেন ৪০ জনের ওপরে। তখন বাধ্য হয়ে তাঁদের মেঝেতে আশ্রয় নিতে হয়। এখানে জেনারেটরের ব্যবস্থা নেই, অধিকাংশ বিছানা ভাঙাচোরা, রয়েছে খাওয়ার পানির সংকট। ঝাড়ুদার-সংকটে অপরিষ্কার থাকে হাসপাতাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক বলেন, ৫০ শয্যার কার্যক্রম চালু হলে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা উপকৃত হবেন। অনুমোদন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
শেরপুরের সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম বলেন, ৫০ শয্যার জন্য লোকবল, ওষুধ, খাদ্য ও প্রশাসনিক অনুমোদন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।