চিকিৎসক ও শয্যা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে মান্ধাতা আমলের ডিসপেনসারির আদলে। পাটখড়ির ওপর সিমেন্টের পলেস্তারা দিয়ে বানানো ঘরে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ১৯৮৯ সালে জাতীয় অর্থনীতিবিষয়ক কার্যনির্বাহী কমিটি (একনেক) এটিকে ১০ থেকে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নিলেও দীর্ঘ ২২ বছরেও তা বাস্তবায়িত হয়নি।দীঘিনালা ছাড়াও পাশের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েকটি এলাকার দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল এ স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসাসেবা দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি রয়েছে। ১০ শয্যার বিপরীতে ২৪ জন রোগী থাকায় কয়েকজন রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। টিনশেডের ওয়ার্ডে প্রচণ্ড গরমে রোগীদের কাহিল অবস্থা। বিদ্যুৎ না থাকলে জেনারেটরের কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী মমতাজ বেগম (৫০) ও হাবিবুর রহমান (৬০) বলেন, দুপুরে টিনের চাল উত্তপ্ত হলে গরমে তাঁরা প্রচণ্ড কষ্ট পান। নাজমা আক্তার (৩০), লায়লা বেগম (৪৫) ও জাহানারা বেগম (৫০) বলেন, চিকিৎসাসেবা মোটামুটি পেলেও যেভাবে গাদাগাদি করে থাকতে হচ্ছে, তাতে গরমে সুস্থ হতে কত দিন লাগবে তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।নির্মলা চাকমা (১৫) নামের এক রোগী বলেছে, ‘ওয়ার্ডে জায়গা পাইনি, তাই বাধ্য হয়ে বারান্দার মেঝেতে জায়গা নিয়েছি।’ কর্তব্যরত সেবিকা শর্মিলী দাশ বলেন, ‘শয্যা আছে মাত্র ১০টি, আমরা গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি করছি। আমাদেরও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, আর শয্যা না থাকায় রোগীদের চিকিৎসাসেবা নিতে কষ্ট হচ্ছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হওয়ার পর তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে চিকিৎসক আছেন মাত্র তিনজন। তার মধ্যে ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে রোগী দেখতে পারেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র তিনজন। জরুরি বিভাগ, বহির্বিভাগ, ড্রেসিং রুম ও চিকিৎসকের চেম্বার চলছে পাটখড়ির ওপর সিমেন্টের পলেস্তারা দিয়ে বানানো টিনের ছাউনি ঘরে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টি হলে কক্ষগুলো পানিতে সয়লাব হয়ে যায়। ২০০৪ সালে খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে একটি এক্স-রে মেশিন দেওয়া হলেও দীর্ঘ ছয় বছরেও তা চালু করা সম্ভব হয়নি। চিকিৎসকদেরও থাকার কোনো আবাসন ব্যবস্থা নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাসা আবার পাটখড়ির ঘরে থাকতে হচ্ছে চিকিৎসকদের। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ নাগ আক্ষেপ করে বলেন, সারা দিন রোগী দেখে কক্ষে গিয়ে বিশ্রাম নেব, তারও উপায় নেই। বৃষ্টি হলে কক্ষের মধ্যে বৃষ্টির পানি পড়ে, ফলে বাধ্য হয়ে বসে বসে রাত কাটাতে হয়।গত ৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সরেজমিনে পরিদর্শনে এলে চিকিৎসক, সেবিকা ও এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে চিকিৎসক পদায়ন ও সেবিকাদের ডেপুটেশন বাতিল ও হাসপাতাল ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার দাবি জানান।জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসক পদায়নসহ অবকাঠামোগত উন্নয়নের জরুরি পদক্ষেপ নিচ্ছি। শিগগির এটি ১০ থেকে ৩১ শয্যায় উন্নীত হবে।’