মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও শয্যাসংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নয়জন চিকিৎসকের মধ্যে এখন আছেন মাত্র চারজন। জায়গা ও শয্যাসংকটের কারণে পুরুষ ওয়ার্ডে নারীদের ভর্তি করানো হচ্ছে। জানা যায়, শয্যাসংকট ও স্থানসংকুলান না হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনসহ উন্নীতকরণের আনুষঙ্গিক কাজ গত এপ্রিল মাসে শেষ হয়েছে। কিন্তু জনবল এখনো নিয়োগ দেওয়া হয়নি।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩১ শয্যার জনবলকাঠামোও নেই। স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, অবেদনবিদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছাড়াও চিকিৎসা কর্মকর্তার (মেডিকেল অফিসার) দুটি পদ শূন্য রয়েছে। নয়জন সেবক-সেবিকার (নার্স) মধ্যে আছেন মাত্র দুজন।সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় প্রায় সাড়ে ৩০০ রোগীর ভিড়। দুজন চিকিৎসক দুটি কক্ষে বহির্বিভাগের রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজীবুস শহীদ তাঁর কক্ষে দাপ্তরিক কাজ করার ফাঁকে ফাঁকে দু-একজন রোগী দেখছেন।কমপ্লেক্সের দোতলায় অন্তর্বিভাগের নারী ওয়ার্ডের সব শয্যায় রোগী। পুরুষ ওয়ার্ডের কয়েকটি শয্যায়ও নারী রোগীদের দেখা গেছে। একজন মাত্র সেবিকা দুই ওয়ার্ডে রোগীদের দেখভাল করছেন। তাঁর (সেবিকা) কাছে পুরুষ ওয়ার্ডে নারী রোগী কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মহিলা ওয়ার্ডে বেড খালি নাই।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক নেই। নয়জনের মধ্যে একজন দন্তচিকিৎসকসহ চারজন আছেন। পুরুষ ওয়ার্ডে নারী রোগী প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বিভাগে রোগীর চাপ বেশি। মহিলা ওয়ার্ডে শয্যা খালি নেই। তাই বাধ্য হয়েই পুরুষ ওয়ার্ডে তাদের জায়গা দিতে হয়েছে। রোগীদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে নজীবুস শহীদ বলেন, ‘আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদটি শূন্য। প্রতিদিন বহির্বিভাগে সাড়ে ৩০০ থেকে ৪০০ রোগী আসে। আমাকে সরকারি বিভিন্ন সভায় যেতে হয়। রাতে একজন চিকিৎসক দায়িত্ব পালন করেন। দিনে মাত্র দুজন চিকিৎসককে সব সামাল দিতে হয়। আমরা রোগীদের সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছি। ৫০ শয্যার জনবল নিয়োগ হলে এ সমস্যা থাকবে না। গত ১১ সেপ্টেম্বর জনবল নিয়োগের জন্য মৌলভীবাজারের সিভিল সার্জনকে লিখিতভাবে জানিয়েছি।’মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৫০ শয্যার জনবলের জন্য ঢাকায় ডিজি বরাবর চিঠি দেওয়া হয়েছে। এটি চালু হতে আরও ছয়-সাত মাস সময় লাগবে। ৩১ শয্যার অবকাঠামোয় ছয়জন চিকিৎসকের শূন্যপদে নিয়োগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সারা দেশেই এক অবস্থা। জেলার কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘হুট করে এরও কোনো সমাধান আমি দিতে পারছি না।’