চিকিৎসক ও শেরেবাংলা নগর থানার কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলার বিচারকাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার এক পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক এক চিকিৎসকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান গতকাল সোমবার এ আদেশ দেন।ওই পুলিশ সদস্য হলেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এবং চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন সহকারী প্রভাষক (বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক) আতাউর রহমান। গতকাল দুজনই আদালতে হাজির হন। আদালত ১৯ জুন এ বিষয়ে তাঁদের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন। এর আগে ওই হত্যা মামলায় আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ চিকিৎসক আতাউর রহমানকে আদালতে হাজির করেনি । গত ১৮ এপ্রিল সহকারী সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এক দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, এই মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এটি যেহেতু একটি হত্যা মামলা, তাই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন চিকিৎসক আতাউর রহমান এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু আদালত থেকে পরোয়ানা দেওয়ার পরও পুলিশ তাঁকে হাজির করেনি। চিকিৎসক আতাউর রহমান সমন পাওয়ার পরও আদালতে হাজির হচ্ছেন না। ফলে মামলার বিচারকাজ বিলম্ব হচ্ছে। পরে আদালত দুজনের বিরুদ্ধেই নোটিশ দেন। সংশ্লিষ্ট অতিরিক্ত পিপি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল এই দুজন আদালতে হাজির হলে আদালত তাঁদের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন। ২০০৫ সালের ১৪ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা আবুল কালাম তাঁর স্ত্রী পারভীনকে হত্যা করে লাশ বস্তায় ভরে বাড্ডার কোকাকোলা এলাকায় মেম্বার বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেন। পরে বাড্ডা থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং একটি হত্যা মামলা দায়ের করে। ওই বছরের ১৫ আগস্ট আবুল কালামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি আবুল কালাম হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।