চিকিৎসক ও সরঞ্জাম-সংকট দুই চিকিৎসকের হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে বরগুনার বামনা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের একজন চিকিৎসক এক বছর এবং আরেকজন প্রায় ছয় মাস ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত আছেন।বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসক থাকলেও এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকায় দুজন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে।হাসপাতালের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, কোনো ছুটি না নিয়েই চিকিৎসা কর্মকর্তা মাসুদুর রহমান গত বছরের মে থেকে ও রাজিব হোসেন গত বছরের নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। এদিকে প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও এক্স-রে যন্ত্রসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের অভাবে উপজেলার প্রায় সোয়া লাখ মানুষের ন্যূনতম চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না।সূত্র আরও জানায়, হাসপাতালে চিকিৎসকের ১৩টি পদ রয়েছে। এর মধ্যে ১০টি কয়েক বছর ধরে শূন্য। গত বছরের জানুয়ারিতে এখানে দুজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। কিন্তু একজন গত বছরের মে এবং অন্যজন নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত আছেন।হাসপাতালে চিকিৎসা সহকারীর তিনটি, সেবিকার দুটি, এমএলএসএসের দুটি, অফিস সহকারীর একটি, ঝাড়ুদারের দুটি, ল্যাব টেকনিশিয়ানের দুটি, ভান্ডাররক্ষকের একটি, ওয়ার্ড বয়ের একটি, পাচকের একটি ও সুইপারের একটি পদ শূন্য। এ ছাড়া ফার্মাসিস্টের তিনটি ও ল্যাব টেকনিশিয়ানের দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। জেনারেটরটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল থাকে অন্ধকারে। এক্স-রে যন্ত্র চালু না থাকায় দরিদ্র রোগীদের বাইরে থেকে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসংকট নিরসন ও অকেজো এক্স-রে যন্ত্র মেরামতের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, দুই চিকিৎসক দীর্ঘদিন ধরে ছুটি না নিয়ে অনুপস্থিত আছেন।’বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই দুই চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি আমরা বেশ কয়েকবার চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তাঁরা কোথায়, কীভাবে আছেন, তা এখনো আমরা জানি না। এ ছাড়া বামনা হাসপাতালের সমস্যাগুলো প্রতি মাসেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাচ্ছি। অচিরেই হয়তো এসব সমস্যার সমাধান হবে।’