প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে উদ্বোধনের দুই বছর পরও এটিতে ৫০ শয্যার জনবল নিয়োগের প্রশাসনিক অনুমোদন মেলেনি। ফলে উপজেলার দুই লাখ বাসিন্দা পর্যাপ্ত সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার কার্যক্রমের উদ্বোধন করা হয় ২০১১ সালের জুলাই মাসে। প্রায় দিনই অন্তর্বিভাগে অর্ধশতাধিক রোগী ভর্তি থাকে। কিন্তু গত প্রায় দুই বছর পরও এটিতে ৫০ শয্যার জনবল নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়নি। এ চিকিৎসাকেন্দ্রে আরএমও ও চিকিৎসা কর্মকর্তার তিনটি পদ থাকলেও আছেন মাত্র একজন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আবদুল কাদের আরএমও পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কনিষ্ঠ পরামর্শক (মেডিসিন) পদে গত ১০ জানুয়ারি জেসমিন আক্তার নামে একজন চিকিৎসক যোগদান করলেও তিনি প্রেষণে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। জ্যেষ্ঠ সেবিকা পদে নয়জনের বিপরীতে সাতজন এবং ঝাড়ুদার পদে পাঁচজনের বিপরীতে তিনজন কর্মরত আছেন।
সূত্র জানায়, এ স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০০ রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু অধিকাংশ রোগীকেই দু-একটি ট্যাবলেট, ক্যাপসুল ছাড়া বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়।
সম্প্রতি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, এ স্বাস্থ্যকেন্দ্রে একটি আধুনিক অস্ত্রোপচারকক্ষ আছে। গাইনি বিভাগে একজন পরামর্শক চিকিৎসক (কনসালট্যান্ট) ও একজন অবেদনবিদও আছেন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এখানে জরুরি প্রসূতিসেবা বা প্রসূতি অস্ত্রোপচার করা যাচ্ছে না। এখানে আজ পর্যন্ত সার্জারি বিভাগে কোনো পরামর্শক সার্জন নিয়োগ দেওয়া হয়নি। তাই সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
নকলা পৌর শহরের বাসিন্দা মো. আকরাম হোসেন বলেন, ‘চিকিৎসক কম থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বহির্বিভাগে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করে ডাক্তার দেখাতে হয়।’ নকলার চরমধুয়া গ্রামের কৃষক মোহামঞ্চদ আলী বলেন, তাঁর স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। কিছু জটিলতার কারণে চিকিৎসক বলেছেন অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করাতে হবে। কিন্তু শেরপুর জেলা সদর বা ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানোর সামর্থ্য তাঁর নেই। তিনি অত্যন্ত দুশ্চিন্তায় আছেন।
ইউএইচএফপিও মো. আবদুল কাদের বলেন, ৩১ শয্যার হাসপাতালের জনবল দিয়েই সব কার্যক্রম চালাতে হচ্ছে। জরুরি প্রসূতি অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে এবং ৫০ শয্যার জনবল নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।