চিকিৎসক ও সেবিকা সংকট, সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবিকার (নার্স) সংকট চলছে। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসক থাকার কথা। আছেন মাত্র চারজন। সেবিকা রয়েছেন মাত্র দুজন। এ কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ (আরএমও) নয়জন চিকিৎসক থাকার কথা। এর মধ্যে একজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন সার্জারি বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন চিকিৎসা কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দীর্ঘ দিন ধরে মাত্র দুজন সেবিকা কর্মরত। তাঁরা হলেন হলেন মরিয়ম বেগম ও রাবেয়া সুলতানা।
সরেজমিনে দেখা যায়, গত ১৩ মার্চ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মতবিনিময় সভা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসাসেবা বিঘ্ন হওয়ার বিষয়েও আলোচনা হয়। সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিগগির সেবিকা নিয়োগের দাবি জানান। ওই সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে সরকারি হাসপাতালগুলোতে ২৪ হাজার চিকিৎসক ও ২০ হাজার সেবিকা রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন চিকিৎসকের বিপরীতে তিনজন সেবিকা থাকতে হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিকিৎসক ও সেবিকার এই অনুপাতটা উল্টো। যা হোক, সরকার নতুন করে ১৫ হাজার সেবিকা নিয়োগের অনুমোদন দিয়েছে। তাঁদের নিয়োগ সম্পন্ন হলে এসব সমস্যা কেটে যাবে।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একটি পুরোনো অ্যাম্বুলেন্স অনেকটাই অচল হয়ে পড়েছে। এক্স-রে যন্ত্রটিও প্রায় বিকল। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রোগী কম থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধেকেরও বেশি শয্যা খালি। এ সময় কথা হয় শিশু ওয়ার্ডে ভর্তি দুই বছরের শিশু রিহান হোসেনের মা রিতু আক্তারের সঙ্গে। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত রিহানকে এখানে ভর্তি করা হয়। শ্বাসকষ্টে তাকে নেবুলাইজার দিতে হয়। তখন ডাকতে গেলেও সেবিকাদের কাউকে পাওয়া যায় না।
পুরুষ ওয়ার্ডে ভর্তি আবদুল খালেক নামের এক ব্যক্তি বলেন, সারা দিনে একবারের বেশি নার্সের দেখা পাওয়া যায় না।
গতকাল বুধবার জানতে চাইলে সেবিকা রাবেয়া সুলতানা প্রথম আলোকে বলেন, দিন-রাত তাঁদের দুজনকে সেবা দিতে হয়। এরপর তিনি মা হতে চলেছেন। খুব বেশি ছোটাছুটি করতে পারেন না।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পৃথ্বীশ কুমার দত্ত বলেন, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও সেবিকা নিয়োগ না দিলে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। সেবিকা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা সদর হাসপাতাল থেকে দুজন সেবিকাকে এখানে স্থানান্তর করা হয়েছে। আগামী রোববার থেকে তাঁরা এখানে কাজ শুরু করবেন। এ ছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী নতুন একটি এক্স-রে যন্ত্র ও অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দিয়েছেন।