চিকিৎসক ও সেবিকাকে প্রহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকার অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনেরা দাবি করেছেন। প্রসূতির নাম জ্যোৎস্না খাতুন (৩৫)। তিনি গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনেরা হাসপাতালের চিকিৎসক ও সেবিকাকে মারধর করেছেন। গতকাল সোমবার এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা হামলাকারীদের হাত থেকে চিকিৎসক ও সেবিকাকে উদ্ধার করেন। জ্যোৎস্নার স্বামী নিজাম উদ্দীন জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি সকাল সাতটায় রোগী নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন রোগী পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন। অন্যদিকে, চিকিৎসক ও নার্স একটি কক্ষে বসে গল্প করছিলেন।রোগীকে দেখার জন্য রোগীর স্বজনেরা হাসপাতালের চিকিৎসক আবদুস সালামকে অনুরোধ করেন। কিন্তু তিনি রোগীকে তাঁর নিজস্ব ক্লিনিকে নিয়ে যেতে বলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় চিকিৎসক সালাম ও সেবিকা মমতা বেগম রোগী ও তাঁর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করে এবং চিকিৎসায় কালক্ষেপণ শুরু করেন। এভাবেই চিকিৎসা ছাড়া পেটে যন্ত্রণা নিয়ে ছয় ঘণ্টা পর জ্যোৎস্না মারা যান।এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনেরা হাসপাতালে হামলা চালান। নিজাম উদ্দীন তাঁর স্ত্রীর মৃত্যুর জন্য চিকিৎসক ও সেবিকাকে দায়ী করেছেন।হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ থাকায় তিনি রোগীকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু রোগীর স্বজনেরা রোগীকে কুষ্টিয়ায় না নিয়ে হাসপাতালের বারান্দায় ফেলে রাখেন। একপর্যায়ে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটে। এই মৃত্যুর জন্য তাঁরা দায়ী না হলেও রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করে।মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ জানান, ঘটনাটি শুনে তিনি গাংনী হাসপাতালে যান। চিকিৎসক এবং সেবিকার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে—এ কথা প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।