লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা-ভাঙচুর চালিয়েছেন। এ সময় চিকিৎসক, সেবিকা, রোগীর স্বজনসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরীকে আটক করেছে। এদিকে হামলা ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলা ১১টার পর চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন। এতে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হয়।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকার প্রবাসী ইউছুপ সর্দারের স্ত্রী কেয়া বেগম (১৯) গতকাল সোমবার পারিবারিক কলহে বিষপান করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মেডিসিন কনসালট্যান্ট সৈয়দ জাকির হোসেন ও মেডিকেল অফিসার নিলাক্ষী পাল তাঁকে চিকিৎসা দেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকেরা তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এর আধা ঘণ্টার মধ্যেই হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়। এতে রোগীর আত্মীয়স্বজন ও ছাত্রলীগের নেতা ওমর ফারুক চৌধুরী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা চিকিৎসক ও সেবিকাদের ওপর হামলা চালান। আহত ব্যক্তিরা হলেন মেডিকেল অফিসার নিলাক্ষী পাল, বাবুর্চি রফিক উল্যা, সেবিকা ইয়াছমিন আক্তার, আরজু বেগম, মনোয়ারা বেগম, তাছলিমা বেগম, বাগান মালী জামাল হোসেন, ওষুধ ব্যবসায়ী নোমান হোসেন, রোগীর আত্মীয় আলাউদ্দিন ও ইকবাল হোসেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী বলেন, ‘চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য তাঁরা ৫০ হাজার টাকা দাবি করেছেন। না দেওয়ায় তাঁরা যথাযথভাবে চিকিৎসা করেননি। রোগীর আত্মীয়স্বজন বিষয়টি আমাকে জানালে আমি হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হামলা ও মারধরের সঙ্গে আমি জড়িত নই।’ঘটনাস্থলে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রলীগের নেতা ওমর ফারুক চৌধুরী নামের একজনকে আটক করা হয়। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, ন্যক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে আনার পর যথাযথভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে কোনো অবহেলা হয়নি। ঘটনার পর থেকে চিকিৎসক ও সেবিকারা আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ করে দেন। বিষয়টি সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।এদিকে গতকাল বিকেলে ওমর ফারুক চৌধুরীর মুক্তির দাবিতে লক্ষীপুর-চাঁদপুর সড়কের মধুপুরে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।