চিকিৎসক, ওষুধ, কর্মচারীর সংকট, চিকিৎসা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবেদনবিদের অভাবে দীর্ঘদিন ধরে এভাবেই অস্ত্রোপচারকক্ষটি তালাবদ্ধ হয়ে আছে। ছবিটি সম্প্রতি  তোলা l প্রথম আলো
অবেদনবিদের অভাবে দীর্ঘদিন ধরে এভাবেই অস্ত্রোপচারকক্ষটি তালাবদ্ধ হয়ে আছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, কর্মচারী না থাকা এবং ওষুধের সংকটে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অবেদনবিদ না থাকায় শুরু থেকেই এখানে কোনো অস্ত্রোপচার হয় না। এতে প্রসূতিসহ অন্য রোগীদের জেলা শহর ও বেসরকারি হাসপাতালে গিয়ে বেশি টাকা খরচ করে অস্ত্রোপচার করাতে হচ্ছে।

অপর দিকে আট বছর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে ৩১ শয্যার জনবল দিয়েই চলছে ২ লাখ মানুষের উপজেলা নকলার এই হাসপাতাল। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও ভোগান্তির শিকার হচ্ছে এই বিপুলসংখ্যক মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ এবং জরুরি বিভাগে অর্ধশত রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসকের অভাবে রোগীরা ভোগান্তিতে পড়ে। হাসপাতালে এসে রোগীদের এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৮টি পদের মধ্যে কাগজে-কলমে আছেন নয়জন। বাস্তবে আরও কম। বর্তমানে এখানে মাত্র ছয়জন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

হাসপাতালটিতে গাইনি বিশেষজ্ঞসহ অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ দুর্ঘটনার শিকার রোগীদের শেরপুর, ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা ছাড়া গত্যন্তর থাকে না।

সরেজমিনে ১২ জুলাই দেখা যায়, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষটি বন্ধ। গাইনি বিভাগে একজন কনসালট্যান্ট থাকলেও অবেদনবিদের (অ্যানেসথেসিস্ট) অভাবে গর্ভবতী নারীদের ‘সিজার’ হয় না। তাই গরিব রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) অথবা জেলা সদর হাসপাতালে যেতে হয় অস্ত্রোপচারের জন্য।

উপজেলার চরমধুয়া গ্রামের দিনমজুর আবদুল মোতালেব বলেন, তাঁর মেয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসক বলেছেন, গর্ভের সন্তানের কিছু জটিলতা আছে, তাই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করাতে হবে। কিন্তু এই হাসপাতালে অস্ত্রোপচারের সুযোগ নেই, তাই জেলা সদরে নিতে হবে। এর জন্য অনেক টাকা প্রয়োজন। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, চিকিৎসকের অভাবে ইউএইচএফপিও নিজেই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

একজন সনোলজিস্টের অভাবে এই হাসপাতালের আলট্রাসাউন্ড মেশিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অধিকন্তু এখানে রয়েছে ওষুধের তীব্র সংকট। বহির্বিভাগ ও অন্তবিভাগে রোগীদের কিছু সাধারণ বড়ি ছাড়া সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়।

১২ জুলাই পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী উপজেলার চরমধুয়া গ্রামের সোহেল (৩২) প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে। এখান থেকে এক-দুটি বড়ি দেওয়া হয়েছে। বাকি স্যালাইনসহ অন্য সব ওষুধ বাইরে থেকে কিনেছেন।

মহিলা ওয়ার্ডে ভর্তি উপজেলার চন্দ্রকোনা গ্রামের মাজেদা বেগম বলেন, পেটব্যথা ও বমির সমস্যা নিয়ে মেয়ে সুমাইয়াকে (১৫) হাসপাতালে ভর্তি করিয়েছেন, কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধ দেয়নি। সব ওষুধই বাইরে থেকে কিনেছেন।

চিকিৎসক, কর্মচারী ও ওষুধের সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ২০০৯ সালের ৯ জুন স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখনো সে অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পূর্ণাঙ্গ জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি একাধিকবার আবেদন করেছেন।