চিকিৎসক, কর্মচারী, ওষুধ উপকরণ-সংকটে বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, কর্মচারী, চিকিৎসা উপকরণ ও ওষুধ-সংকটে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থা প্রতিকারের কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি ১৯৮২ সালে ৩১ ও ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এতে জায়গা, আসবাবপত্র ও শয্যার সংখ্যা বাড়লেও সেবার মান বাড়েনি। হাসপাতালের পরিসংখ্যানবিদ আফজালুর রহমান জানান, ৫০ শয্যা অনুযায়ী ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র আটজন। এর মধ্যে প্রশিক্ষণ ও নানা রকম ছুটির কারণে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজনের বেশি থাকেন না। এ ছাড়া দুজন জ্যেষ্ঠ সেবিকা, দুজন মেডিকেল টেকনোলজিস্ট, দুজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, একজন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, একজন নৈশপ্রহরীসহ আটজন কর্মচারী দীর্ঘদিন প্রেষণে (ডেপুটেশনে) অন্যত্র কর্মরত আছেন। তিনি আরও জানান, ২০০৫ সালে এখানে প্রায় নয় লাখ টাকা দামের একটি এক্স-রে মেশিন বসানো হয়। সাত বছর ধরে সেটি নষ্ট। ১৯৯০ সালে কেনা ডেন্টাল চেয়ার, ২০০৭ সালে কেনা ইসিজি মেশিন ও একটি জীবাণুমুক্তকরণ যন্ত্র (অটোক্লেভ মেশিন) ২০১১ সাল থেকে অকেজো।

ভান্ডাররক্ষক আক্কাস আলী বলেন, এখানে প্যারাসিটামল, ভিটামিন-বি কমপ্লেক্সের মতো সাধারণ ওষুধের সরবরাহ থাকলেও ওরস্যালাইন, সিপ্রোসিনের মতো গুরুত্বপূর্ণ ও দামি ঔষুধের সরবরাহ নেই বললেই চলে। গত ১৭ জুন সরেজমিনে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ১০ নম্বর বেডে জাহিদুল ইসলাম (৩৮) নামের এক রোগীকে স্যালাইন দেওয়া হচ্ছে। পাশে বসা তাঁর মা সলিমা (৬০) বেগম। তিনি জানান, হাসপাতাল থেকে না পেয়ে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বছরে প্রায় ৩২ লাখ টাকার ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ তাঁরা পেয়ে থাকেন। এখানে রোগীদের সাধারণ চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনে জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর কোনো রোগের চিকিৎসার সুযোগ এখানে নেই। প্রয়োজনীয়সংখ্যক চিকিৎক না থাকার কথা স্বীকার করেন তিনি। সিভিল সার্জন মওদুদ হোসেন বলেন, আগামী আগস্টের মধ্যে হয়তো নতুন এক্স-রে ও ইসিজি মেশিন বসবে। তবে চিকিৎসক, কর্মচারী ও ওষুধের যে সংকট রয়েছে, তা সারা দেশেই বিদ্যমান।