পিরোজপুরে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে জরুরি প্রসূতিসেবা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, কেন্দ্রে প্রসূতি অস্ত্রোপচার, স্বাভাবিক প্রসব, প্রসূতিসেবা, কিশোরীদের স্বাস্থ্যসেবা, পরামর্শসহ শিশুদের চিকিৎসা দেওয়া হয়। ২০১৫ সালে এ কেন্দ্রে ১২৪ জন প্রসূতির অস্ত্রোপচার ও ছয় শতাধিক স্বাভাবিক প্রসব হয়েছে। গত মাসে নয়জনের অস্ত্রোপচার করা হয়। কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) শাহেলা আক্তারের সঙ্গে পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা অবেদনবিদ হংসপতি শিকদার, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শক জুড়িয়ানারা বেগম, নার্স, অফিস সহকারীসহ কয়েকজন কর্মচারীর বিরোধ দেখা দেয়। চিকিৎসক ও কর্মচারীদের দ্বন্দ্বের কারণে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে প্রসূতিরা বিনা মূল্যে অস্ত্রোপচারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আগে প্রতি মাসে গড়ে ৫০টি স্বাভাবিক প্রসব হলেও গত ১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রসব হয়েছে ১২টি।
গত ২৪ ফেব্রুয়ারি বেলা পৌনে একটায় সরেজমিনে দেখা যায়, চিকিৎসক শাহেলা আক্তার রোগী দেখছেন। তাঁর কক্ষের বাইরে দুজন রোগী বসে আছেন। একজন প্রসূতি স্বাভাবিক প্রসবের জন্য ভর্তি রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রসূতি বলেন, ‘আমি এক সপ্তাহ আগে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর এক কর্মচারী জানান অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এরপর ওই কর্মচারী আমাকে একটি বেসরকারি ক্লিনিকের মুঠোফোন নম্বর দিয়ে সেখানে ভর্তির পরামর্শ দেন।’
মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শক জুড়িয়ানারা বেগম অভিযোগ করেন, চিকিৎসক শাহেলা আক্তার কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁর বিরুদ্ধে ওষুধ ক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
শাহেলা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অস্ত্রোপচারের আগে অবেদনবিদ হংসপতি শিকদারকে খবর দিলে তিনি আসেন না। এমনকি তিনি আমার ফোনও ধরেন না। কর্মচারীরা অস্ত্রোপচারে কোনো সহযোগিতা করেন না। অস্ত্রোপচার বন্ধ থাকায় কিছু অসাধু কর্মচারী বেসরকারি ক্লিনিকের সঙ্গে চুক্তি করে রোগীদের ক্লিনিকে পাঠিয়ে কমিশন নিচ্ছেন। কর্মচারীদের ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগগুলো খতিয়ে দেখার কারণে তাঁরা আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগে করছেন।’ অভিযোগ অস্বীকার করে জুড়িয়ানারা বেগম বলেন, শাহেলা আক্তারই অস্ত্রোপচার করেন না। তাঁর (শাহেলা) বিরুদ্ধে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ পিরোজপুর কার্যালয়ের উপপরিচালকের কাছে কর্মচারীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অবেদনবিদ হংসপতি শিকদার বলেন, ‘আমি নাজিরপুর ও জিয়ানগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় এবং বিভিন্ন সভায় অংশ নেওয়াসহ মাঠপর্যায়ে ব্যস্ত থাকায় দু-একবার অস্ত্রোপচারে সময় দিতে পারিনি। ফোন না ধরা ও অস্ত্রোপচারে সহযোগিতা না করার অভিযোগ ঠিক নয়।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক রামকৃষ্ণ দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।