সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনুপস্থিতি ও গাফিলতির কারণে চর এলাকার বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হাসপাতালে মাতৃস্বাস্থ্য প্রকল্পের (ডিএসএফ) জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলোর ব্যবহার হচ্ছে না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার ওই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ নয়জন চিকিৎসক কর্মরত আছেন। চরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে ২০০২ সালে এখানে মাতৃস্বাস্থ্য প্রকল্প (ডিএসএফ) হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়।অভিযোগ উঠেছে, এ হাসপাতালের চিকিৎসকদের সবাই বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন। কর্তব্য-কাজের জন্য কাগজ-কলমে চিকিৎসকদের নাম থাকলেও তাঁরা পালাক্রমে দায়িত্ব পালন করেন। এতে প্রতি মাসে প্রত্যেকে এক থেকে দুইবার কাজে এলেই তাঁদের দায়িত্ব পালন পূর্ণ হয়ে যায়। আর নয় বছর আগে আনা যন্ত্রপাতির বাক্সই এখন পর্যন্ত খোলা হয়নি। অত্যাধুনিক এক্স-রে মেশিনটিও ব্যবহূত হচ্ছে না। গত ডিসেম্বর মাসে মাতৃস্বাস্থ্য প্রকল্পের আওতায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচারের জন্য অর্থ বরাদ্দ এলেও প্রকল্প চালু না হওয়ায় তা ফেরত পাঠানো হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে কোনো রোগী প্রয়োজনীয় ওষুধ পায় না। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত না থাকায় ব্যবস্থাপত্র দেন চিকিৎসা সহকারী।গত শুক্রবার বেলা দেড়টার দিকে দেখা গেছে, হাসপাতালের মহিলা ওয়ার্ডে চারজন রোগী আছে। পুরুষ ওয়ার্ড শূন্য। হাসপাতালে কোনো চিকিৎসক নেই। প্রায় ২০ মিনিট পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাইরে থেকে তাঁর কক্ষে আসেন।উপজেলার স্থল গ্রামের মজিলা বেগম জানান, গত মে মাসের প্রথম দিকে তাঁর মেয়ের প্রসববেদনা ওঠায় তাঁকে নিয়ে হাসপাতালে যান তিনি। সেখানে কোনো চিকিৎসক না থাকায় নৌকাযোগে রোগীকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘোরজান গ্রামের আজগর মিয়া তাঁর বোনকে নিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে জানান। খাসকাউলিয়া গ্রামের নাসির উদ্দীন জানান, গত সপ্তাহে সর্দিজ্বরে আক্রান্ত দুই ছেলেকে হাসপাতালে নিয়ে যান তিনি। বহির্বিভাগ থেকে তাঁকে বলা হয়, সিরাজগঞ্জ থেকে ওষুধ এখন পর্যন্ত স্টোরে এসে পৌঁছায়নি। পরদিন আসতে বলা হয় তাঁকে।চৌহালী উপজেলা চেয়ারম্যান মোছা. আফরোজা খানম বলেন, ‘আমি চরাঞ্চলের চিকিৎসা-ব্যবস্থার উন্নয়নের জন্য একাধিকবার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তাকে মাসিক সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি এখন আর সভায় যোগ দেন না। বাধ্য হয়ে পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একাধিকবার ফোনে এবং পত্র মারফত জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। মাতৃস্বাস্থ্য প্রকল্পটি চালুই করা হয়নি। চলতি বছরে এ প্রকল্পের প্রায় নয় লাখ টাকা বরাদ্দ এলেও সব অর্থ ফেরত দেওয়া হয়েছে।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আরবাব হোসেন বলেন, ‘আমি ঠিকমতো দায়িত্ব পালন করি। মাঝেমধ্যে আমি বাড়িতে থাকি। তবে, অন্য চিকিৎসকেরা অনুস্থিত থাকায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। অনেকের বেতন কর্তন করা হয়েছে। চিকিৎসক না থাকায় মাতৃস্বাস্থ্য প্রকল্পটি চালু করা সম্ভব হচ্ছে না। এ কারণে যন্ত্রপাতিগুলো বাক্স থেকে খোলা হয়নি এবং এই প্রকল্পের বরাদ্দ টাকা ফেরত দেওয়া হয়েছে। আর বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে এক্স-রে মেশিনটি চালু করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া দুজন চিকিৎসক যোগদানের পর তদবির করে প্রেষণে অন্যত্র কাজ করছেন। মাঝেমধ্যে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় রোগীরা বাইরে চলে যায়।’সিভিল সার্জন নাজিম উদ্দীন খান বলেন, ‘চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়টি আমি জেনেছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া মাতৃস্বাস্থ্য প্রকল্পের ব্যাপারে প্রশিক্ষণসহ সার্বিক কার্যক্রম অচিরেই শুরু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’