চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ
অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মো. সুরমান আলীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ মঙ্গলবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান জানান, চিকিৎসক মো. সুরমান আলীর জামিন না হওয়া পর্যন্ত বিএমএভুক্ত চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন।
আজ মঙ্গলবার দুপুরে বিএমএ চট্টগ্রামের জরুরি সভায় চিকিৎসকেরা এ সিদ্ধান্ত নেন। তবে সরকারি হাসপাতালে চিকিৎসা দেবেন বিশেষজ্ঞরা। এ ছাড়া যেসব বিশেষজ্ঞ বেসরকারি হাসপাতালে কর্মরত, তাঁরাও চিকিৎসা দেবেন।
আপনারা আইনের ঊর্ধ্বে কি না, জানতে চাইলে বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল বলেন, ‘না, আইনের ঊর্ধ্বে নই। তবে এ ঘটনার তদন্ত চিকিৎসকেরাই করবে, পুলিশ নয়।’
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএমএ আরেকটি বৈঠকে বসবে বলে জানান মুজিবুল হক খান।
অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মো. সুরমান আলীর জামিন নামঞ্জুর করে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলার অন্য আসামি জি এম জাকির হোসেন উচ্চ আদালতের দেওয়া জামিনে আছেন।
সুরমান আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন। জি এম জাকির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। ২০১২ সালের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের সময় শরীরের ভেতরে সুই রেখে দেন সুরমান আলী। এরপর ওই সুই বের করতে জি এম জাকির হোসেনকে সঙ্গে নিয়ে দুই দফা অস্ত্রোপচার করেন সুরমান আলী। কিন্তু সুই বের করতে না পারায় আমিনুলের নিতম্বে পচন ধরে। আমিনুলের অবস্থার অবনতি হলে ভারতের কলকাতায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছরের ৩০ জুন তাঁর সুই বের করা হয়।
গত বছরের ১৭ জুলাই প্রথম আলোয় ‘অস্ত্রোপচারের পর শরীরে নিডল, জীবনাশঙ্কায় এক যুবক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।