চিকিৎসক ছাড়াই চলছে কারা হাসপাতাল
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দীদের চিকিৎসার জন্য থাকা ৮৮ শয্যার কারা হাসপাতালে নিজস্ব কোনো চিকিৎসক নেই। জরুরি অবস্থা মোকাবিলার জন্য সিভিল সার্জনের কার্যালয় থেকে মাত্র একজন চিকিৎসককে এখানে সংযুক্ত করে রাখা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, এই কারাগারে বর্তমানে ২ হাজার ৪০০-এর বেশি বন্দী রয়েছে। অথচ কারাগারের ধারণক্ষমতা ১ হাজার ৪০০ জনের। এই কারাগারের বন্দীদের কেউ অসুস্থ হয়ে গেলে তাকে এখানকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া রাজশাহী বিভাগের আটটি কারাগার থেকে অসুস্থ বন্দীদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়। রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের নিজস্ব কোনো চিকিৎসক নেই। এই হাসপাতালে একজন সহকারী সার্জন, একজন ফার্মাসিস্ট, নার্স ও একজন ল্যাব টেকনিশিয়ান পদের মধ্যে শুধু নার্স ও টেকনিশিয়ান রয়েছেন। সহকারী সার্জনের পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ফার্মাসিস্টের পদেও কেউ নেই। তাই রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে একজন চিকিৎসককে এই হাসপাতালে সংযুক্ত করে রাখা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসক এ এস এম সায়েম বলেন, কারা হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসাধীন থাকে। তাদের পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তাঁকে একাই সব সামাল দিতে হয়।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার এই কারাগারের খোকন (৬৫) নামের একজন বন্দী মারা গেছেন। তাঁর বাড়ি নওগাঁয়। তিনি হৃদ্রোগে ভুগছিলেন। কারা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না থাকায় গত ১৫ দিনে তাঁকে দুবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে গত ৩ মে ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু এই কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কারাগার থেকে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময়ই তাঁর জ্ঞান ছিল না। সে সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেছিলেন, হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।
গত ৫ জুলাই কারাগারের একজন বন্দী আত্মহত্যা করেন। তাঁকেও সে সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি। এ ছাড়া দায়িত্ব অবহেলার কারণে প্রধান কারারক্ষী আমজাদ হোসেন ও কারারক্ষী শুকুর উল্লাহকে ওই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
২০১১ সালের ২১ মার্চ পাবনা কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পাবনা সদর থানার রামচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হাজতি একই থানার মন্দিরপুর গ্রামের আবদুল জলিলকে (৫৫) চিকিৎসার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা হাসপাতালে সুচিকিৎসা না হওয়ায় তাঁদের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ২৪ মার্চ তাঁরা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসব বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ শাহাদাত হোসেন বলেন, ‘সংকট মোকাবিলায় একজন চিকিৎসককে সিভিল সার্জনের কার্যালয় থেকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাঁকে দিয়েই চিকিৎসা চালিয়ে নিতে হয়। কারণ সারা দেশের বিভিন্ন কারা হাসপাতালে চিকিৎসার জন্য মাত্র আটজন নিজস্ব চিকিৎসক রয়েছেন।’