চিকিৎসক ছুটিতে, প্রসূতি অস্ত্রোপচার বন্ধ আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী ও প্রসূতি রোগ (গাইনি) বিশেষজ্ঞ ছুটিতে থাকায় প্রসূতি রোগীদের অস্ত্রোপচার আট মাসের বেশি সময় ধরে বন্ধ। ফলে অতিরিক্ত টাকা খরচ করে বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে হচ্ছে প্রসূতিদের। তবে অতিরিক্ত খরচ করতে গিয়ে সমস্যা হচ্ছে গরিব পরিবারের প্রসূতিদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানের প্রসূতি রোগ বিশেষজ্ঞ শাহানাজ হায়াত ব্যক্তিগত প্রয়োজনে গত ২০ এপ্রিল ছুটি নিয়ে ভারতে যান। তাঁর ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি। তিনি না থাকায় প্রসূতি নারীদের অস্ত্রোপচার ও চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বিকল্প চিকিৎসকের ব্যবস্থাও করেনি।
সম্প্রতি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের কক্ষটি তালাবদ্ধ। দু-তিনজন রোগী ওই চিকিৎসকের কক্ষের সামনে কিছুক্ষণ থেকে চলে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী হাবিবুর রহমান বলেন, প্রতি সপ্তাহে এখানে অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য তিন-চারজন প্রসূতি রোগী আসেন। চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় তাঁদের ফিরে যেতে হয়। পরে আশপাশের কোনো বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের টাকা খরচ করে অস্ত্রোপচার ও চিকিৎসা করান।
নাম প্রকাশ না করার শর্তে মতলব উত্তর উপজেলার কেশাইরকান্দি গ্রামের একজন প্রসূতি রোগী বলেন, ‘১৫-২০ দিন আগে এনো গাইনি ডাক্তারের (প্রসূতি চিকিৎসক) কাছে আইছিলাম। ডাক্তার না থাওনে চিকিৎসা ছাড়াই ফিরা আই। পরে মতলব দক্ষিণ উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ২০ হাজার টেয়ায় অপারেশন (অস্ত্রোপচার) করাই। সরকারি হাসপাতালে অপারেশন করাতে মাত্র দুই হাজার টাকা (ওষুধ কেনা বাবদ) লাগত।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ কাজী বলেন, এ সমস্যার কথা সিভিল সার্জনকে জানানো হয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদারের ভাষ্য, ওই হাসপাতালে বিকল্প স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।