ময়নাতদন্তের প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারকাজ বিলম্বিত
চিকিৎসক জলিলকে আদালতে হাজির হতে ফের নির্দেশ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আবদুল জলিলকে আগামী ৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য আবারও নির্দেশ দেওয়া হয়েছে।রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ গত ৯ অক্টোবর এ আদেশ দেন। এ নিয়ে গত দুই বছরে সাতবার জলিলকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হলো। আদালত বলেছেন, হাজিরা না দিয়ে ওই চিকিৎসক আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।২০০৯ সালের ৮ ডিসেম্বর রেজাউল করিম (৩০) নামের অ্যারিস্টোফার্মা লিমিটেডের একজন বিক্রয় প্রতিনিধি বদরগঞ্জে খুন হন। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁর স্ত্রী ফরিদা পারভীন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রেজাউলের লাশের ময়নাতদন্ত করেছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তৎকালীন চিকিৎসক আবদুল জলিল। লাশের বিভিন্ন স্থানে গভীর জখমের একাধিক চিহ্ন থাকলেও ময়নাতদন্তের প্রতিবেদনে একে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়। চিকিৎসকের এই মতামত গ্রহণযোগ্য না হওয়ায় প্রতিবেদনটি পুনরায় পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়াই মামলার তদন্ত কর্মকর্তা রংপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সরেশ চন্দ্র রায় গত ২১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন।আদালত সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের সফিকুল ইসলাম ও নিহত রেজাউলের সহকর্মী মোশারফ হোসেনকে একই বছরের ১৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে রেজাউলের মুঠোফোন ও হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছোরা উদ্ধার করা হয়। রেজাউলকে হত্যা করার কথা স্বীকার করে দুজনই আদালতে জবানবন্দি দেন।আদালত সূত্রে আরও জানা যায়, রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক নিত্যানন্দ সরকার মামলার নথিপত্র পর্যালোচনা করে ময়নাতদন্তের প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন ও মরদেহের চালানপত্র না পেয়ে গত ১০ মে চিকিৎসক জলিলকে এগুলো আদালতে দাখিলের নির্দেশ দেন। কিন্তু তিনি হাজিরা না দিলে আদালত ৩০ মে ফের নির্দেশ দেন। এ তারিখেও তিনি হাজিরা দেননি। গত ২৭ জুন পুনরায় আদালত নির্দেশ দেওয়ার পর ২০ জুলাই জলিল আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য দেন। এতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন বদরগঞ্জ থানা ও রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ কারণে ওই প্রতিবেদন পুনরায় প্রদানের দায় হতে তিনি আদালতের কাছে অব্যাহতি চান।জবাবে বিচারক নিত্যানন্দ সরকার বলেন, চিকিৎসক জলিলের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় তা অগ্রাহ্য করা হলো। সেই সঙ্গে মামলার সব প্রতিবেদন ও লাশ চালানের পত্রসহ তাঁকে ১৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। কিন্তু তিনি হাজির হননি। এরপর ১১ সেপ্টেম্বর ও ৯ অক্টোবর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।আদালত বলেন, জলিল ময়নাতদন্তের প্রতিবেদন জমা না দেওয়ায় মামলার বিচারকাজ বিলম্বিত হচ্ছে।জানতে চাইলে চিকিৎসক জলিল গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন ‘আপনি পরে কথা বলেন। আমি ব্যস্ত আছি।’ এরপর তিনি ফোন কেটে দেন। পরে তিনি আর ফোন ধরেননি।মামলার বাদী ফরিদা পারভীন বলেন, ‘ডাক্তার টাকা খেয়ে রিপোর্ট দিয়েছে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার। দুটি শিশুবাচ্চা নিয়ে আমি কষ্টে আছি। ওই ঘুষখোর পাষাণ ডাক্তারের আমি কঠিন শাস্তি চাই।’রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় গত ৪ নভেম্বর প্রথম আলোয় ‘কুপিয়ে হত্যা, চিকিৎসা সনদ স্বাভাবিক মৃত্যুর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।