চিকিৎসক থেকে আলোকচিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া ইসলাম
নাদিয়া ইসলাম

ছোটবেলায় খেলনার থেকে ক্যামেরা বেশি ভালো লাগত তাঁর। পড়ুয়া মেয়েটি বড় হয়ে ভর্তি হলেন ডেন্টাল কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য-অর্থনীতিতে মাস্টার্স করেছেন। এর মধ্যে ক্যামেরা দিয়ে শখের ছবি তোলা শুরু হয়ে গেছে। কিন্তু পেশা হিসেবে বেছে নেবেন তা কখনো ভাবেননি।
কিন্তু আলোকচিত্রী হতে হলেও তো শিখতে হবে তা। ছবি তোলার শখকে পেশা হিসেবে নেওয়ার জন্য ভর্তি হয়েছেন পাঠশালা-সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে। এই আলোকচিত্রী হলেন নাদিয়া ইসলাম। তিনি বলেন, আগে যা দেখতাম তারই ছবি তুলতাম। পেশাগত ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য এবং ভালোভাবে শেখার জন্য এখন শিখছি।
নাদিয়া ইসলাম সম্প্রতি ফটোফি একাডেিম অব ফাইন আর্ট ফটোগ্রাফি ও লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস আয়োজিত ছবির গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তাঁর ছবির গল্পের শিরোনাম রংহীন। অন্ধ এক মেয়ের মনের ভেতরের কথা তুলে ধরেছেন ছবিতে। যে দেখতে পায় না তাঁর জীবনবোধ বেশি, এমনটাই প্রমাণের চেষ্টা করেছেন। মে মাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম জনপ্রিয় ফটোগ্রাফি ব্লগ ‘ওয়ান টু ওয়ান ক্লিকস’-এর সোলফুল পোরট্রেট প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন তিনি করেন। ২০১১ সাল থেকে আলোকচিত্রের সঙ্গে যুক্ত হলেও অর্জনের ঝুলিটা বেশ ভারী, তা বোঝাই যাচ্ছে।
২০১৩ সালে ফটোফি আয়োজিত ফটোগ্রাফি উৎসব সৃষ্টি-সুখের উল্লাস-এ তাঁর ছবি সম্মানসূচক পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ২০১২ সালে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত সেলিব্রেটিং লাইফ প্রদর্শনীতে নির্বাচিত হয় তাঁর ছবি। একই বছর নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফিক ক্লাব আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি প্রতিযোগিতায়ও তাঁর ছবি নির্বাচিত হয়েছে।
ছবি তোলার পাশাপাশি অবসরে বিশ্বের বড় বড় আলোকচিত্রীর ছবি দেখতে ভালোবাসেন। গান শোনা, প্রচুর বই পড়া তাঁর শখ। রান্না করতেও ভালোবাসেন তিনি। তিনি প্রামাণ্যচিত্রসহ নানা ধরনের ছবি তুলতে পছন্দ করেন। ছবি তোলার পাশাপাশি আরজে হিসেবেও কাজ করেছেন পিপলস রেডিওতে।
নাদিয়া বলেন, ‘পরিবার থেকে খুব সমর্থন পাচ্ছি। আমার নতুন এই পেশা নিয়ে পরিবারে থেকে কোনো আপত্তি নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে চাই।’