রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। ফলে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য থাকায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রমেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গত সোমবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি কক্ষের ভেতরে ও বাইরে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এ সময় লোহানীপাড়া গ্রামের বিলকিস বেগমকে একটি নবজাতক কোলে নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘সেই ১১টা থাকি খাঁড়া হয়া আছি। ভিতরোত ডাক্তারের গোড়োত ঢুকপের পাওচু না। একটা ডাক্তার রোগী অনেকগুলা, কয়টা দেখে। সবায় হুড়াহুড়ি করোচে ডাক্তার দেকপার জন্যে। মুই চানজে (সুযোগ) পাওচু না।’ আমরুলবাড়ী গ্রামের আমিরুল ইসলাম (৪২) বলেন, ‘যে দিনে আসি সেই দিনে দেখি ওই একটা ডাক্তার। এত বড় একটা হাসপাতাল আর কোনো ডাক্তার নাই ক্যান?’
জানতে চাইলে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, ‘চিকিৎসকেরা কেউ আসেননি। কেউ ছুটিতে আছেন। হাসপাতালের অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগের ও প্রশাসনিক কাজ—সব আমাকেই করতে হয়। চিকিৎসক সংকটের কারণে মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
বেলা একটার দিকে হাসপাতালের অতিরিক্ত নতুন ভবনের একটি কক্ষে দেখা যায়, মুঠোফোনে কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক নারায়ণ চন্দ্র রায়। সেখানে কোনো রোগী নেই।
হাসপাতাল সূত্র জানায়, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নয়টি পদের বিপরীতে আছেন সাতজন। ওই দিন হাসপাতালে অনুপস্থিত ছিলেন চিকিৎসা কর্মকর্তা মালিহা কুদ্দুস ও শাহীনা সরকার। চিকিৎসক সংকটের কারণে এই দুজন চিকিৎসককে উপজেলার রাধানগর ও বদরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হেমন্ত রায় বিয়ের জন্য ২১ জুন থেকে এক মাসের, মিজানুর রহমান এফসিপিএস পরীক্ষার কারণে ২৬ জুন থেকে ২ জুলাই, বিশেষজ্ঞ চিকিৎসক (সার্জারি) শাহ্নাজ নাসরুল্লাহ ইলোরা পারিবারিক কারণে ১৫ এপ্রিল থেকে তিন মাসের এবং গাইনি বিশেষজ্ঞ সাবিহা নাজনীন দুই দিনের ছুটিতে আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য রয়েছে ১৬ জুন থেকে।
পরদিন মঙ্গলবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসক মালিহা কুদ্দুস ও শাহিনা সরকার এদিনও হাসপাতালে আসেননি। হাজিরা খাতা ঘেঁটে দেখা যায়, শাহীনা সরকার ২২ জুন থেকে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মালিহা কুদ্দুস মুঠোফোনে বলেন, গত রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করায় সোমবার আমার ডে-অফ ছিল। মঙ্গলবার শরীরটা খারাপ লাগায় যেতে পারিনি।’ শাহীনা সরকার বলেন, ‘আমি ছুটিতে আছি।’
এ ব্যাপারে ফরিদুল ইসলাম বলেন, এমনিতেই হাসপাতালে চিকিৎসক সংকট। শাহীনা সরকার ২৩ জুন থেকে হাসপাতালে অনুপস্থিত থাকলেও ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অসুস্থতার কথা বলে ছুটি চেয়ে আবেদন করেছেন। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি অসুস্থ নন। এ কারণে তাঁর ছুটি মঞ্জুর করা হয়নি।
জানা গেছে, সালাহ উদ্দিন মাহমুদ ১৬ জুন ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলি হন। তাঁর স্থানে নিয়োগ দেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলামকে। কিন্তু অসুস্থতার কারণে তিনি এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেননি। তবে আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি অচিরেই যোগ দেবেন।
জানা গেছে, উপজেলার তিন লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে প্রতি দিন গড়ে বহির্বিভাগে ৪৫০ জন রোগী চিকিৎসা নেন এবং অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ৭৫ জন রোগী ভর্তি থাকেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন আরও পাঁচজন। এঁরা হলেন তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মাসরাফী, জিয়াউল হক, আশরিফা আইরিন ও আওরঙ্গজেব সেলিম। এঁদের মধ্যে আবদুল্লাহ আল মাসরাফী ছাড়া অন্যরা দীর্ঘদিন ধরে বদরগঞ্জের বাইরে প্রেষণে সরকারি দায়িত্ব পালন করছেন। তাঁরা শুধু বেতন নিতে মাস শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আবদুল্লাহ আল মাসরাফী তিন বছর আগে অস্ট্রেলিয়া গিয়ে আর দেশে ফেরেননি।
রংপুরের সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বলেন, ‘হাসপাতালে অনুপস্থিত থাকা চিকিৎসকের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দু-এক দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালে যোগ দেবেন। প্রেষণে থাকা চিকিৎসকদের হাসপাতালে ফিরিয়ে আনতে পারলে উপজেলার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এ ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’