চিকিৎসক দলের বিদ্যালয় পরিদর্শন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূত-আতঙ্কে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে চিকিৎসকদের একটি দল গতকাল সোমবার পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে। তারা অসুস্থ শিক্ষার্থীদের রক্ত সংগ্রহ করে এবং অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
চিকিৎসক দলের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরা রহমান। বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, ভূত বলে কিছু নেই। চিকিৎসকেরা অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তাঁরা অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার এবং ওঝা-কবিরাজ দিয়ে শিশুদের ঝাড়ফুঁক করাতেও নিষেধ করেছেন।
মঞ্জুরা রহমান বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা গণমনস্তাত্ত্বিক রোগে ভুগছে। আমরা তাদের রক্ত সংগ্রহ করেছি। রক্ত পরীক্ষার পর তাদের শরীরে আর কোনো সমস্যা আছে কি না, তা বোঝা যাবে। কোনো সমস্যা ধরা পড়লে সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’ এক শিক্ষার্থীর মৃত্যু সম্পর্কে তিনি বলেন, মেয়েটি প্রচণ্ড পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রোগ নির্ণয়ের আগেই সে মারা যায়। ফলে তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়।
গ্রামে খোঁজখবর নিয়ে জানা যায়, গ্রামবাসীর মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। গতকালও শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়নি।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসক দলের পরিদর্শন ও পরামর্শে ভয় কাটতে শুরু করেছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’
দীর্ঘদিন ধরে বরদানগর গ্রামবাসীর মধ্যে ভূত নিয়ে নানা গল্প প্রচলিত ছিল। গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে ভূত দেখেছে বলে সহপাঠীদের জানায়। এরপর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১২ মে একসঙ্গে সাত শিক্ষার্থী ভূত দেখেছে বলে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রুমী খাতুন নামের এক ছাত্রী পেটে ব্যথা ও প্রচণ্ড বমি করে গত বৃহস্পতিবার মারা যায়। গতকাল প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।