চিকিৎসক নয়, লাশ হয়ে গ্রামে ফিরলেন আকরাম
প্রায় দুই মাস আগে গ্রামে এসেছিলেন। বাবা-মায়ের কবর জিয়ারত করেছিলেন। তখন প্রতিবেশীদের বলেছিলেন, তাঁর বাবার মতো গ্রামের আর কাউকে বিনা চিকিৎসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মরতে দেবেন না। এ জন্য পড়াশোনা শেষ করে গ্রামে হাসপাতাল নির্মাণ করবেন। কিন্তু তাঁর সে স্বপ্ন আর পূরণ হলো না। চিকিৎসক হয়ে নয়, লাশ হয়ে গতকাল বুধবার গ্রামে ফিরলেন তিনি।
তাঁর নাম এস এম আকরাম (২৬)। বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। পড়াশোনা করতেন চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে। থাকতেন ছাত্রাবাসের তৃতীয় তলায় ২৪ নম্বর কক্ষে। গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মেডিকেল কলেজটির প্রধান ছাত্রাবাসের পেছনের নালা থেকে আকরামের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাতে তাঁর লাশ আনা হয় নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাড়িতে। তখন আত্মীয়স্বজনের চোখ জলে ভিজে ওঠে। প্রতিবেশীরাও মেনে নিতে পারছিলেন না—একটি স্বপ্নের এই অকাল মৃত্যুকে।
আকরামের চাচি নাজমা বেগম প্রথম আলোকে বলেন, আকরামের ডাক নাম তমাল। সর্বশেষ গ্রামে এসেছিলেন দুই মাস আগে। মা-বাবার কবর জিয়ারত করেই চলে গিয়েছিলেন চট্টগ্রাম। মুঠোফোনে সবার সঙ্গে যোগাযোগ রাখতেন।
প্রতিবেশীরা জানান, প্রায় আড়াই বছর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকরামের বাবা মারা যান। এরও এক বছর আগে মাকে হারান তিনি। আকরাম ছিলেন আমিনুল ইসলাম ও রাশেদুল ইসলাম দম্পতির একমাত্র সন্তান। প্রয়াত বাবা আমিনুল ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, মা রাশেদা গৃহিণী। থাকতেন রাজধানীর মতিঝিলের টিক্কাটুলী মহল্লায় নিজেদের একটি ফ্ল্যাটে। কিন্তু কিডনি রোগে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনায় ছন্দপতন ঘটে আকরামের। ওই বছর আর পরীক্ষা দেওয়া হয়নি। মা মারা যাওয়ার প্রায় ছয় মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এর ছয় মাস পর বাবা আমিনুলেরও মৃত্যু হয়। এ ঘটনায় আবার আকরামের পড়াশোনায় ছেদ ঘটে। মাত্র এক বছরের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন তিনি। এসব কাটিয়ে ওঠার চেষ্টাও করেন তিনি। স্বজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। মাঝেমধ্যে গ্রামেও আসতেন। গ্রামের তাঁর নামে বিপুল জায়গা-জমি আছে।
প্রতিবেশী সুরাইয়া বেগম বলেন, ‘কিছুদিন আগেও তমাল আইছিল। কইয়া গেছে, হে বলে হার্ডের (হার্ট) ডাক্তর অইব। গেরামে হাসপাতাল বানাইব। গ্রামের কাউরে হার্ডের রোগে মরতে দিব না। অহন নিজেই মইরা গেল। অহন বাবা-মা কবরের পাশে খোঁড়া অইছে তার কবর।’ এসব কথা বলতে বলতে সুরাইয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে জল।
আকরামের মৃত্যুর সংবাদ শুনে, তাঁর সৎ মা আফরোজা আক্তার গ্রামের বাড়ি আসেন। তিনি বলেন, শুরুর দিকে যোগাযোগ থাকলেও প্রায় ছয় মাস ধরে আকরাম তাঁর ফোন ধরতেন না।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরীর বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আকরামের লাশ তাঁর চাচা নুরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
ওসি বলেন, আকরামের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে। তবে ছাত্রাবাসের ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে আকরামের মৃত্যু হয়েছে, নাকি তাঁকে কেউ ফেলে দিয়ে হত্যা করেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
আকরামের চাচা নুরুল ইসলাম বলেন, ‘আকরামের এই মৃত্যু আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। এ জন্য মামলা করেছি।’
গতকাল দুপুরে কলেজের মসজিদ মাঠে প্রথম তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।